ট্রান্সফরমার বিকল হওয়ায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ দরিরামপুর এলাকার দুই শতাধিক গ্রাহক ছয় দিন ধরে বিদ্যুৎ পাচ্ছেন না। হাসপাতালের জেনারেটর থাকলেও তেল বরাদ্দ না থাকায় সেটিও চলছে না। বিদ্যুৎ না থাকায় ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পানি সরবরাহও বন্ধ। পানি না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন রোগীরা।হাসপাতালে ভর্তি রোগী আনোয়ারা খাতুন বলেন, রাতে মোম জ্বালিয়ে খেতে হচ্ছে। বাথরুমে পানি না থাকায় সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে।রোগীদের সঙ্গে হাসপাতালের আবাসিক এলাকার বাসিন্দারাও পড়েছেন দুর্ভোগে। বিদ্যুৎ না থাকায় ইফতার ও সেহির খেতে তাঁদের খুব সমস্যা হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা মো. মাহবুবুল হক বলেন, ‘বিদ্যুৎ থাকায় আমাদের অনেক কষ্ট হচ্ছে। ট্রান্সফরমার নষ্ট হওয়ার পর বিদ্যুৎ বিভাগকে বারবার তাগাদা দিচ্ছি। তারা বলছে, দু-এক দিনের মধ্যে ট্রান্সফরমার লাগাবে। বিষয়টি সিভিল সার্জনকেও জানিয়েছি।’ত্রিশাল বিদ্যুৎ কার্যালয়ের আবাসিক প্রকৌশলী জাহাঙ্গীর কবীর বলেন, ‘ট্রান্সফরমার মেরামত করতে ঢাকায় পাঠানো হয়েছিল। ঠিক হয়েছে। দু-এক দিনের মধ্যে লাগানো হবে।’