ছয় দিন নিখোঁজ থাকার পর তরুণের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চেঙ্গাইন গ্রামের একটি ডোবা থেকে গতকাল মঙ্গলবার দুপুরে সুমন হোসেন (২৫) নামের এক তরুণের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই তরুণ ছয় দিন ধরে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।
নিহত সুমন হোসেনের বাবা মনির হোসেন বলেন, উপজেলার কাঁচপুর ইউনিয়নের খালপাড় চেঙ্গাইন এলাকার মর্তুজা আলীর মেয়ে কলি আক্তারের সঙ্গে তাঁর ছেলে সুমন হোসেনের বিয়ে হয়। কিন্তু বিয়ের আগে থেকেই কলির সঙ্গে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের কাশিপুর এলাকার মনির হোসেনের ছেলে শুভ হোসেনের প্রেম ছিল। বিয়ের পরও কলি ও শুভর সম্পর্ক অব্যাহত ছিল। এ নিয়ে সুমন ও কলির মধ্যে ঝগড়া-বিবাদ লেগে থাকত। শুভ কয়েক দফায় সুমনকে হত্যার উদ্দেশ্যে তাড়াও করেন।
মনির হোসেন আরও জানান, গত ২৭ মার্চ দিনে সুমনের শাশুড়ি জহুরা বেগম মুঠোফোনে জামাইকে তাঁদের বাড়িতে যেতে বলেন। শ্বশুরবাড়ি যাওয়ার পর থেকেই সুমন নিখোঁজ হন। এ ঘটনায় পরদিন ৩০ মার্চ সুমনের বাবা সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। গতকাল দুপুরে এলাকাবাসী ডোবায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। এ সময় লাশের হাত-পা ও মুখ বাঁধা এবং পেট ধারালো অস্ত্র দিয়ে চেরা ছিল। পরে পরিবারের সদস্যরা গিয়ে সুমনের লাশ শনাক্ত করেন।