ছয় দিন পর থানা থেকে গরু ফিরে পেলেন মালিক
গরুর মালিকানা নিয়ে দুই পক্ষের বিরোধ। থানায় গরুটি আটকা। পুলিশের তদন্তে সমাধান মেলেনি। অতঃপর ভেটেরিনারি সার্জনের পরীক্ষার মাধ্যমে বয়সের প্রমাণ দিয়ে ছয় দিন পর গরুটি ফিরে পেলেন প্রকৃত মালিক হোসনে আরা চৌধুরী। তাঁর বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কাওয়ারগলা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১২ জুন আধকানী গ্রামের খালিছ মিয়া পার্শ্ববর্তী কাওয়ারগলা গ্রামের হোসনে আরা চৌধুরীর একটি বাছুর ধরে নিয়ে যান। মালিকানা দাবি করে বাছুরটি আটকে রাখেন খালিছ মিয়া। পরদিন এ বিষয়ে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন হোসনে আরা। তখন পুলিশ বাছুরটিকে জব্দ করে থানায় নিয়ে যায়। গত শনিবার কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদের উপস্থিতিতে থানায় দুই পক্ষ সালিস বৈঠকে বসে। হোসনে আরা দাবি করেন, তাঁর বাছুরের বয়স আড়াই বছর। অন্যদিকে খালিছ মিয়া বলেন, বাছুরটির বয়স চার বছরের কাছাকাছি। তখন উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন মো. হাবিবুর রহমান বাছুরটির বয়স পরীক্ষা করেন। হোসনে আরার দাবির প্রমাণ মেলায় বিকেলে বাছুরটি তাঁকে ফেরত দেওয়া হয়।
হোসনে আরা চৌধুরী অভিযোগ করেন, ‘পুলিশি তদন্তে প্রকৃত সত্য বেরিয়ে এসেছিল। গ্রামবাসী আমার পক্ষে সাক্ষ্য দিয়েছিল। তারপরও একটি প্রভাবশালী মহলের কারণে পুলিশ ছয় দিন বাছুরটি আটকে রাখে। অবশেষে তা ফেরত পেয়েছি।’ তবে খালিছ মিয়া বলেন, চার বছর আগে তিনি বাছুরসহ গাভি কিনেছিলেন। এর কয়েক দিন পর বাছুরটি হারিয়ে যায়। ওই হারানো বাছুর মনে করে কাওয়ারগলা গ্রাম থেকে গরুটি নিয়ে এসেছিলেন।
কমলগঞ্জ থানার ওসি বদরুল হাসান বলেন, দুজন বাছুরটির মালিকানা দাবি করেন। পুলিশি তদন্তে কোনো সমাধান করা যায়নি। তাই সালিস বৈঠকে ও ভেটেরিনারি সার্জনের মাধ্যমে বয়স পরীক্ষায় মাধ্যমে প্রকৃত মালিকের কাছে বাছুরটি ফেরত দেওয়া হয়েছে।