ছয় দিন পর নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামে ধরলা নদী থেকে ষষ্ঠ শ্রেণীর এক মাদ্রাসাছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার বাহারের চর এলাকায় নদীর কিনারে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। স্থানীয় কৃষক মজেদ আলী জানান, ধরলা সেতুর পূর্বপারে বাহারের চরের জমিতে কাজ করতে গিয়ে নদীর পাড়ে কাদামাখা লাশটি দেখতে পান। পরে কুড়িগ্রাম সদর থানা পুলিশে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে।পুলিশ জানায়, সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের উত্তর কদমতলা গ্রামের তৈয়ব আলীর ছেলে কফিল উদ্দিন (১৪)। সে গত সোমবার নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। নিহতের বাবা জানান, কফিল নয়ারহাট দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল। সোমবার সন্ধ্যায় মুঠোফোনে টাকা ভরার কথা বলে বাড়ি থেকে বের হয়। পরে বারবার চেষ্টা করেও তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।