পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় কলেজ শিক্ষার্থীদের সঙ্গে বাসশ্রমিকদের দ্বন্দ্বের ছয় দিন পর গতকাল শনিবার সকাল থেকে পঞ্চগড়-আটোয়ারী-ঠাকুরগাঁও সড়কপথে বাস চলাচল শুরু হয়েছে।জেলা বাস-মিনিবাস মালিক সমিতি সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে সমিতির নেতাদের সঙ্গে শিক্ষার্থীদের অভিভাবকদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয়পক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় সমিতির নেতারা বাস চলাচল শুরুর সিদ্ধান্ত নেন। গত ২৯ জুলাই আটোয়ারী উপজেলার মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজের চার ছাত্রকে একটি বাসের শ্রমিকেরা জোর করে বাসে তুলে নিয়ে বেধড়ক পেটান বলে অভিযোগ ওঠে। বাসশ্রমিকেরা ওই চার ছাত্রের দুজনকে চলন্ত গাড়ি থেকে ফেলে দেয় এবং অপর দুজনকে ঠাকুরগাঁও নিয়ে মারধর করে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে কলেজছাত্ররা পঞ্চগড় মালিক সমিতির তিনটি গাড়ি ভাঙচুর করে। এরপর ক্ষতিপূরণের দাবিতে পঞ্চগড় জেলা বাস-মিনিবাস মালিক সমিতি গত রোববার থেকে পঞ্চগড়-আটোয়ারী-ঠাকুরগাঁও সড়কে সব ধরনের বাস চলাচল বন্ধ রাখে।