ছয় দিন পর শ্লীলতাহানির চেষ্টার মামলা নিল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে এক নারীর (২৫) শ্লীলতাহানির চেষ্টার ছয় দিন পর গত বৃহস্পতিবার তাঁর অভিযোগ এজাহার হিসেবে গ্রহণ করেছে পুলিশ। এর আগে উত্ত্যক্তকারীর পক্ষে ওই নারীর বিরুদ্ধে থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে।
শেরপুর থানার পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার খামারকান্দি ইউনিয়নের পারভবানীপুর জান্নাতপাড়া গ্রামে ১২ সেপ্টেম্বর রাতে ওই নারীর শ্লীলতাহানির চেষ্টা চালানোর ঘটনা ঘটে। পরদিন তিনি এ ঘটনায় জড়িত একই গ্রামের নূরুল ইসলামের (৩৫) বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। কিন্তু পুলিশ অভিযোগটি প্রাথমিক তদন্ত পর্যন্ত করেনি। বরং পুলিশ নূরুল ইসলামের বাবা আকরাম আলী প্রামাণিকের অভিযোগ ১৫ সেপ্টেম্বর এজাহার হিসেবে গ্রহণ করে। শ্লীলতাহানি চেষ্টা চালানোর রাতে ওই নারীকে উদ্ধারে যেসব প্রতিবেশী এগিয়ে এসেছিলেন তাঁদের পর্যন্ত মামলায় আসামি করা হয়েছে। ওই মামলায় পরদিন মঙ্গলবার রাতে ওই নারীর স্বামীকে (৩২) পুলিশ গ্রেপ্তার করে।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মজিদ সরকার বলেন, ‘ওই নারীর অভিযোগ প্রাথমিক তদন্তের ভার আমার ওপর ন্যস্ত ছিল। কিন্তু বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় যথাসময়ে ঘটনাস্থলে যেতে পারিনি।’
নূরুল ইসলামের বাবা আকরাম আলী প্রামাণিক বলেন, ‘আমার ছেলেকে ওই রাতে কৌশলে ওই নারীর বাড়িতে ডেকে নিয়ে মারপিট করে জখম করা হয়েছে। বর্তমানে সে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ কারণে আমি মামলা করেছি।’