দাঁড়িপাল্লার এক পাশে বই-খাতা, শিক্ষাসনদ। অন্য পাশে গাদা গাদা টাকা। তার সামনেই জনাদশেক মানুষের মূর্তি। কারও মুখ বন্ধ টাকা দিয়ে, কারও চোখ বন্ধ টাকা দিয়ে, আবার কারও কান বন্ধ টাকা দিয়ে। আর তার সামনে একটি ডাস্টবিনের পাশে বসে আছেন একজন অপ্রকৃতিস্থ মানুষ। মানুষটি কখনো পূজা করছেন টাকার, কখনো কুড়িয়ে খাচ্ছেন ডাস্টবিনের খাবার।
গতকাল শনিবার দুপুর ১২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগে গিয়ে চোখে পড়ল এমনই দৃশ্য। চারুকলা অনুষদের বার্ষিক চারুকলা প্রদর্শনীর উদ্বোধনীতে ছিল এই পারফরমিং আর্ট। নির্মাণ করেছেন বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী শাহ্ মাহমুদ জনি। শুধু জনিই নন, তাঁর মতো ২০০ শিক্ষার্থীর বিভিন্ন রকমের প্রায় ৪০০ শিল্পকর্ম নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ছয় দিনব্যাপী বার্ষিক চারুকলা প্রদর্শনী-২০১৫।
গতকাল দুপুর ১২টায় এই প্রদর্শনীর উদ্বোধন করেন প্রখ্যাত কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায়। চারুকলা অনুষদের সমন্বয়ক অধ্যাপক মোস্তফা শরীফ আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রদর্শনীর আহ্বায়ক অধ্যাপক আমিরুল ইসলাম।