ছয় দিনে পাঁচ লাশ, শঙ্কা
নরসিংদী সদর, রায়পুরা ও বেলাব এবং কিশোরগঞ্জের ভৈরব উপজেলা থেকে ছয় দিনে পাঁচটি লাশ উদ্ধার হয়েছে৷ দশম জাতীয় সংসদ নির্বাচনের পর এসব লাশ উদ্ধারের ঘটনায় সাধারণ মানুষ শঙ্কিত৷ উদ্বিগ্ন পুলিশ ৷ দেশের বিভিন্ন স্থানে গুম ও খুনের পাশাপাশি লাশ উদ্ধারের ঘটনায় এই শঙ্কা ও উদ্বেগ কাজ করছে৷
এ ব্যাপারে নরসিংদী জেলা সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক হলধর দাস প্রথম আলোকে বলেন, ‘আমার মনে হয়, আমরা খুব অস্থিরতার মধ্যে ঢুকে যাচ্ছি৷ এক সপ্তাহের ব্যবধানে এতগুলো লাশ উদ্ধারের ঘটনা আমাদের মধ্যে ভীতির সঞ্চার করেছে৷’ তিনি বলেন, এসব হত্যাকাণ্ড রাজনৈতিক কি না, তা তদন্ত করে বের করা উচিত৷
তবে পুলিশ প্রশাসন এসব লাশ উদ্ধারের সঙ্গে রাজনৈতিক অস্থিরতার যোগসূত্র মেলাতে চাইছে না৷ নরসিংদীর সহকারী পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, প্রত্যেক লাশ উদ্ধারের ঘটনাস্থল আলাদা৷ কারণও ভিন্ন৷ এরই মধ্যে প্রায় সব কটির কারণ অনুসন্ধান করা গেছে৷ সর্বশেষ ২৪ জানুয়ারি সকালে নরসিংদীর বেলাব উপজেলার ধুকুন্দি এলাকা থেকে এক যুবকের (২৫) লাশ উদ্ধার হয়৷ লাশটি ঢাকা-সিলেট মহাসড়কের পাশে গাছে ঝোলানো ছিল৷
বেলাব থানার ওসি বদরুল আলম জানান, লাশটির পরিচয় শনাক্ত করা যায়নি৷এর আগের দিন ২৩ জানুয়ারি ভৈরবে মেঘনা নদীর সৈয়দ নজরুল ইসলাম সেতুর কাছে অজ্ঞাতপরিচয় আরেক ব্যক্তির (৩২) লাশ পাওয়া যায়৷ তাঁর পরনে ছিল শার্ট ও কালো জ্যাকেট৷ একটি পা কাটা ছিল তাঁর৷
ঘন ঘন লাশ উদ্ধারের ঘটনায় এলাকার মানুষ শঙ্কিত৷ তাঁরা জানান, ভৈরবের মেঘনা সেতু এলাকায় ২০১১ সালের নভেম্বর থেকে ২০১২ সালের সেপ্টেম্বর-এই ১১ মাসে ১০টি লাশ উদ্ধার হয়৷ তাঁদের অধিকাংশেরই ছিল হাত-পা বাঁধা৷ কারও মাথায় ছিল গুলির চিহ্ন৷ এসব লাশ উদ্ধারের ঘটনা নিয়ে ২০১২ সালের ১৪ সেপ্টেম্বর প্রথম আলোর প্রথম পাতায় ‘গভীর রাতে সেতু থেকে লাশ ফেলা হয় মেঘনায়’ শিরোনামে একটি বিশেষ সংবাদ ছাপা হয়৷ ওই প্রতিবেদনের পর দীর্ঘ প্রায় ১৬ মাসে ওই এলাকায় আর কোনো লাশ পাওয়া যায়নি৷ ২৩ জানুয়ারি মেঘনা নদীর সৈয়দ নজরুল ইসলাম সেতুর কাছে আবার অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশটি পাওয়া যায়৷ একই দিন নরসিংদী সদর উপজেলা থেকে দুটি লাশ উদ্ধার হয়৷ পশ্চিম কান্দাপাড়া শিউলিবাগ বিদ্যাপীঠের সামনে থেকে মামুন মিয়া (৪০) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করে পুলিশ৷
নরসিংদী সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, মামুন মিয়ার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে থানায় মামলা রয়েছে৷ এর আগে ১৯ জানুয়ারি দুপুরে রায়পুরার মাহমুদাবাদ গ্রামে ঢাকা-সিলেট মহাসড়কের পাশের একটি বালুর চর থেকে উদ্ধার হয় আরও দুটি লাশ৷ নিহতেরা হলেন ইকবাল মিয়া (২৭) ও জনি মিয়া (২৫)৷
ভৈরবের কয়লাশ্রমিক আবু তাহের (৪২) বলেন, এসব হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়রা শঙ্কিত৷