ছয় দিনে পানিতে ডুবে ছয় শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির রাজাপুর উপজেলায় উত্তর তারাবুনিয়া গ্রামে আজ সোমবার সকালে নূরুন্নবী হাওলাদারের মেয়ে ইতি আক্তার (৫) বাড়ির পুকুরে ডুবে মারা গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবুল খায়ের মাহমুদ জানান, এ নিয়ে এই উপজেলায় গত ছয় দিনে ছয় শিশুর মৃত্যু হলো।

নূরুন্নবী হাওলাদার জানান, আজ সকালে বাড়ির উঠানে খেলছিল ইতি। একপর্যায়ে সবার নজর এড়িয়ে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তাঁকে পাওয়া যাচ্ছিল না। পরে পুকুরে তাকে ভেসে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ইতি আক্তার ছাড়াও গত বুধবার উপজেলার গোপালপুর গ্রামের হাদিস হোসেনের ছেলে মঈনুদ্দীন হোসেন (২), বৃহস্পতিবার সাতুরিয়া গ্রামের সগির হোসেনের মেয়ে মরিয়ম আক্তার (২), শুক্রবার আঙ্গারিয়া গ্রামের আবদুল্লাহ (৪), শনিবার গোসমতারা গ্রামের মিরাজ হোসেনের ছেলে জুলহাস হোসেন (১৩ মাস) ও রোববার বড় কৈবর্তখালি গ্রামের কাওসার হোসেনের মেয়ে রিয়া আক্তার (৩) পুকুরে ডুবে মারা যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম সাদিকুর রহমান বলেন, এক সপ্তাহে পুকুরে ডুবে ছয় শিশুর মৃত্যু উদ্বেগজনক। শিশুদের পরিবারের সদস্যদের আরও সচেতন হওয়া উচিত।