ছয় দিনেও সন্ধান মেলেনি প্রবাসী বিএনপি নেতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুজিবুর রহমান
মুজিবুর রহমান

ছয় দিনেও সন্ধান মেলেনি সুনামগঞ্জে নিখোঁজ প্রবাসী বিএনপি নেতার। এদিকে যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান নিখোঁজ হয়েছেন নাকি আত্মগোপন করেছেন, তা নিয়ে ‘যথেষ্ট সন্দেহ’ প্রকাশ করেছে পুলিশ। গত বৃহস্পতিবার তাঁর লন্ডনের বাসায় পাওয়া একটি চিরকুটে তাঁকে দু-এক দিনের মধ্যে হত্যা করা হতে পারে উল্লেখ রয়েছে।
মুজিবুরকে উদ্ধারের দাবিতে কাল রোববার সুনামগঞ্জ জেলায় অর্ধবেলা হরতাল আহ্বান করেছে জেলা বিএনপি। মুজিবুর ৪ মে বিএনপির গণ-অনশনে যোগ দিতে সুনামগঞ্জ থেকে সিলেটের পথে রওনা হন। এর পর থেকে নিখোঁজ রয়েছেন তিনি।
গত বৃহস্পতিবার সকালে মুজিবুরের লন্ডনের বাসায় কে বা কারা একটি চিরকুট পাঠিয়েছে। তাতে লেখা আছে, মুজিবুর রহমানকে চালকসহ সিলেটের একটি বাসায় আটকে রাখা হয়েছে। যারা আটকে রেখেছে, তারা তাঁকে অন্য আরেক পার্টির কাছে দিয়ে দেবে। কিন্তু সেখান থেকে বের হতে পারছে না। যদি সেটা সম্ভব না হয়, তাহলে দু-এক দিনের মধ্যে তাঁদের হত্যা করা হতে পারে।
এ বিষয়ে মুজিবুরের শ্যালক আনোয়ার হোসেন গতকাল প্রথম আলোর সুনামগঞ্জ কার্যালয়ে এসে জানান, চিরকুটটি বাসার চিঠির বাক্সে পেয়েছেন তাঁর বোন। বাংলায় লেখা চিরকুটে অসংখ্য বানান ভুল ছিল। আনোয়ার আরও জানান, তিনি লন্ডনপ্রবাসী এক ব্যক্তি, ওই ব্যক্তির এক ভাতিজা ও এক ভাগনের নাম পুলিশকে দিয়েছেন। আনোয়ার বলেন, ‘চিরকুট পাওয়ার পর আমাদের মনে হচ্ছে, ঘটনার মূল নায়ক লন্ডনে আছেন।’
সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) হারুন অর রশিদ প্রথম আলোকে বলেন, ‘মুজিবুর রহমান আত্মগোপন করেছেন নাকি নিখোঁজ হয়েছেন, তা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে। তার পরও উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছি। আশা করি, দুয়েক দিনের মধ্যে একটা রেজাল্ট পাওয়া যাবে।’ চিরকুটের ব্যাপারে তিনি বলেন, ‘এ বিষয়টিও আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি।’
সুনামগঞ্জে কাল হরতাল
কাল রোববার সুনামগঞ্জ জেলায় অর্ধবেলা হরতাল পালনের ঘোষণা দিয়েছে স্থানীয় বিএনপি। জেলা বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী বলেন, ‘ছয় দিন ধরে মুজিবুর রহমানের কোনো খোঁজ নেই। তাঁকে রাজনৈতিক কারণেই গুম করা হয়েছে। এর প্রতিবাদে কাল জেলায় অর্ধবেলা হরতাল পালন করা হবে।’