ছয় দিনের বাস ধর্মঘটে দুর্ভোগ চরমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বাসশ্রমিককে গ্রেপ্তারের প্রতিবাদে মেহেরপুর জেলা বাস শ্রমিক ইউনিয়ন জেলার সব সড়কপথে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চালিয়ে যাচ্ছে। এতে মেহেরপুরের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ ছয় দিন ধরে বন্ধ রয়েছে।ধমর্ঘটের কারণে ১৮ জুন থেকে যাত্রীদের হয়রানি ও দুর্ভোগ চরমে উঠেছে। মেহেরপুর শহরের ঘোষপাড়ার তোজাম্মেল আলী বোনের জন্য আধা মণ আম নিয়ে ঢাকায় যেতে চেয়েছিলেন। ধর্মঘট প্রত্যাহার হবে—এই আশায় আমগুলো বাসের কাউন্টারে রেখেছিলেন তিনি। দুই দিন পর সেই আম পচে যায়।মামার বাড়ি মেহেরপুর সদর উপজেলার দারিয়াপুর গ্রাম থেকে বরিশালে ফিরেছেন তাহমিনা খাতুন। মামা আলী আকবর বলেন, ‘বহু কষ্টে আট কিলোমিটার হেঁটে মেহেরপুরে যাওয়ার পর আলমসাধুতে করে ওকে চুয়াডাঙ্গা পৌঁছে দিয়েছি। সেখান থেকে বাসে করে বরিশাল গেছে।’ একই উপজেলার পিরোজপুর গ্রামের শরিফুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়েন। ধর্মঘটের কারণে তিনি ক্লাসে যোগ দিতে পারছেন না।জেলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস জানান, বাসের ভেতর অবৈধ কোনো মালামাল থাকলে এর জন্য বাস কর্তৃপক্ষ দায়ী নয়। অথচ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা হেরোইনের প্রকৃত মালিককে না পেয়ে উদ্দেশ্যমূলকভাবে বাসের তত্ত্বাবধায়ক সিরাজুল ইসলামকে আটক করে জেলে দিয়েছেন। অবিলম্বে তাঁকে মুক্তি না দিলে তাঁরা খুলনা বিভাগের প্রতিটি জেলায় ঐক্যবদ্ধভাবে ধর্মঘট শুরু করবেন বলে জানান।মেহেরপুর থেকে কুষ্টিয়া যাওয়ার পথে ৯ জুন মিরপুর মশান বাজারে র‌্যাবের সদস্যরা একটি যাত্রীবাহী বাস থামিয়ে তাতে তল্লাশি চালান। এ সময় গাড়ির ভেতরে রাখা একটি প্যাকেট থেকে এক কেজি হেরোইন উদ্ধার করা হয়। র‌্যাবের সদস্যরা হেরোইন রাখার অভিযোগে গাড়ির তত্ত্বাবধায়ক সিরাজুল ইসলামকে আটক করেন।কুষ্টিয়া র‌্যাব-১২ সূত্র জানায়, গাড়ি তল্লাশিকালে র‌্যাবের সদস্যরা হেরোইনসহ এক যাত্রীকে আটক করেন। পরে আটক যাত্রী নিজেকে বাসের তত্ত্বাবধায়ক বলে দাবি করেন। তাঁর বিরুদ্ধে কুষ্টিয়ার মিরপুর থানার পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে। বর্তমানে তিনি মাদক মামলায় কুষ্টিয়া জেলা কারাগারে আছেন।