ছয় দেশে রাষ্ট্রদূত পদে নিয়োগ-রদবদলের সিদ্ধান্ত
ইউরোপ, এশিয়া এবং আফ্রিকায় অবস্থিত বাংলাদেশের ছয়টি দূতাবাসে রাষ্ট্রদূত পদে নতুন নিয়োগ ও রদবদলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই প্রক্রিয়ায় দুই নারীসহ তিনজন কূটনীতিক নতুন করে নিয়োগ পাচ্ছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গতকাল রোববার সকালে প্রথম আলোকে বলেন, গত মাসের শেষ সপ্তাহে ছয় রাষ্ট্রদূতের নিয়োগ ও বদলির প্রস্তাবে সরকারের উচ্চপর্যায়ের নীতিগত সম্মতি পাওয়া গেছে। এরপর তাঁদের নিয়োগসংক্রান্ত চুক্তির প্রস্তাবগুলো এই দেশগুলোতে পাঠানো হয়েছে।
জানা গেছে, ব্রাজিলের রাষ্ট্রদূত মিজারুল কায়েসের মৃত্যুর পর তাঁর পদটি খালি হয়েছে। দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জুলফিকার রহমান ব্রাজিলে মিজারুল কায়েসের স্থলাভিষিক্ত হচ্ছেন। দক্ষিণ কোরিয়ায় রাষ্ট্রদূতের পদে যোগ দেবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আমেরিকা অনুবিভাগ) আবিদা ইসলাম। জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল শহীদুল হক গত বছরের ডিসেম্বরে বিদায় নেওয়ার পর থেকে খালি আছে গৃহযুদ্ধকবলিত উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় রাষ্ট্রদূত পদটি। ওমানে নিযুক্ত শেখ সেকান্দর আলী যোগ দেবেন লিবিয়ায় রাষ্ট্রদূতের পদে। সুইডেনে নিযুক্ত মো. গোলাম সরওয়ারকে ওমানে রাষ্ট্রদূত হিসেবে বদলি করা হয়েছে। সুইডেনে গোলাম সরওয়ারের স্থলাভিষিক্ত হবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসনিক অনুবিভাগ) মো. নাজমুল ইসলাম। ভিয়েতনামে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া রাষ্ট্রদূত ও সাবেক আমলা মোহাম্মদ শাহাব উল্লাহর স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন মুম্বাইতে নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার সামিনা নাজ।
দিল্লিতে বাংলাদেশের উপহাইকমিশনার সালাহউদ্দিন নোমান চৌধুরীকে বেইজিংয়ে উপরাষ্ট্রদূত পদে বদলি করা হয়েছে। দিল্লিতে তাঁর স্থলাভিষিক্ত হবেন নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনের কাউন্সেলর এ টি এম রকিবুল হক। কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনার জকি আহাদকে কুনমিংয়ে বাংলাদেশের কনসাল জেনারেল হিসেবে বদলি করা হয়েছে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর তৌফিক হাসান তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন।
রাষ্ট্রদূত এবং উপরাষ্ট্রদূত পদে এসব নতুন নিয়োগের পাশাপাশি সম্প্রতি প্রায় ২০ জনের মতো কূটনীতিককে ঢাকা থেকে বিভিন্ন মিশনে এবং বিভিন্ন মিশন থেকে ঢাকায় বদলি করা হয়েছে।
জানতে চাইলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা এই প্রতিবেদককে বলেন, সাধারণত মে-জুন এবং নভেম্বর-ডিসেম্বর বছরের এই দুই সময়ে উল্লেখযোগ্য সংখ্যক কূটনীতিকের নিয়োগ ও বদলি হয়ে থাকে। সাধারণত অর্থবছরের বাজেট এবং শিক্ষাবর্ষকে বিবেচনায় নিয়ে একসঙ্গে কর্মকর্তাদের রদবদল করা হয়।