ছয় ধাপে উপজেলা নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশন মোট ছয় ধাপে দেশের ৪৮৭টি উপজেলা পরিষদের নির্বাচন করতে চায়। কমিশন এ বিষয়ে জরুরিভিত্তিতে মতামত দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে। নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানায়, গতকাল মঙ্গলবার এ চিঠি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়।
জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ সাংবাদিকদের বলেন, মার্চ ও এপ্রিল মাসজুড়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষা চলবে। কমিশনের প্রস্তাবিত দিনে ভোট গ্রহণ হলে পরীক্ষার্থীদের কোনো সমস্যা হবে কি না, তা জানতে শিক্ষা মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে।

১৯ জানুয়ারি নির্বাচন কমিশন ১০২টি উপজেলা পরিষদে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। প্রথম ধাপে এসব উপজেলায় ভোট গ্রহণ হবে ১৯ ফেব্রুয়ারি।
শিক্ষা মন্ত্রণালয়ের কাছে পাঠানো প্রস্তাব অনুযায়ী, কমিশন দ্বিতীয় ধাপে ২৭ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ১৫ মার্চ, চতুর্থ ধাপে ২৫ মার্চ, পঞ্চম ধাপে ৩১ মার্চ এবং ষষ্ঠ ধাপে ৩ মে উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণের দিন নির্ধারণ করতে চায়। শিক্ষা মন্ত্রণালয়ের মতামত পাওয়া গেলে ২৭ ফেব্রুয়ারি শতাধিক উপজেলায় নির্বাচন হতে পারে। সে ক্ষেত্রে এসব উপজেলায় নির্বাচনের জন্য কাল বৃহস্পতিবার তফসিল ঘোষণা হবে।
রংপুরের চার উপজেলায় সীমানা জটিলতা: সীমানা জটিলতার কারণে রংপুরের সদর, পীরগাছা, গঙ্গাচড়া ও কাউনিয়া উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করা হতে পারে। সীমানা জটিলতার বিষয়টি জানিয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে গতকাল নির্বাচন কমিশন সচিবালয়ে চিঠি পাঠানো হয়েছে।
কমিশন সচিবালয় সূত্র জানায়, ওই চিঠিতে বলা হয়েছে, রংপুর সিটি করপোরেশন গঠনের কারণে এই চারটি উপজেলার সীমানা নতুন করে বিন্যাসের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। স্থানীয় সরকার বিভাগ এর আলোকে ব্যবস্থা নিতে কমিশনকে অনুরোধ করেছে।

কমিশন সচিবালয়ের কর্মকর্তারা জানান, সীমানা নিয়ে জটিলতা থাকলে রংপুর সদর, পীরগাছা, গঙ্গাচড়া ও কাউনিয়া উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করতে হবে। কমিশন সচিবালয় গতকাল রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদের ভোট গ্রহণের তারিখ ১৯ ফেব্রুয়ারির বদলে ২৪ ফেব্রুয়ারি করার প্রস্তাব দিয়ে নির্বাচন কমিশনে নথি দিয়েছে। এর কারণ, তফসিল অনুযায়ী ২০ ফেব্রুয়ারি জাতীয় সংসদের রংপুর-৬ (পীরগঞ্জ উপজেলা) আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ হবে।
কমিশন সচিবালয়ের মতে, সেখানকার ভোটারদের পক্ষে পর পর দুই দিন ভোট দেওয়া কষ্টকর হবে বিবেচনা করে কমিশন সচিবালয় পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের দিন বদলের প্রস্তাব করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেড়ে দেওয়ায় রংপুর-৬ আসন শূন্য ঘোষিত হয়।