ছয় নারী মুক্তিযোদ্ধাকে সানিডেলের সহায়তা

ছয়জন নারী মুক্তিযোদ্ধাকে এক লাখ ২০ হাজার টাকা সহায়তা দিল রাজধানীর সানিডেল স্কুলের শিক্ষার্থীরা। গতকাল সোমবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই টাকার একটি চেক প্রথম আলো কার্যালয়ে জমা দেওয়া হয়। প্রথম আলো ট্রাস্টের পক্ষে চেকটি গ্রহণ করেন সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সানিডেল স্কুলের শিক্ষক সুপর্না মাসুদ, সালমা পারভীন ও আবদুল্লাহ আল মামুন সিদ্দিকী। জানা গেছে, শিক্ষার্থীরা টাকাগুলো ঈদে পাওয়া সালামি থেকে জমিয়েছিল।
মাথাপিছু ২০ হাজার করে পাবেন মুক্তিযোদ্ধা পুষ্পরানী শুল্কবৈদ্য, মালতী রানী শুল্কবৈদ্য, হীরামনি সাঁওতাল, ফারিজা খাতুন, সাবিত্রী নায়েক ও রাজিয়া খাতুন। চেতনা ৭১ হবিগঞ্জের মহাসচিব কেয়া চৌধুরীর সাত বছরের চেষ্টায় গত বছরের ৯ ডিসেম্বর এই মুক্তিযোদ্ধারা রাষ্ট্রীয় স্বীকৃতি পান। তাঁদের কেউ সম্মুখ সমরে অংশ নিয়েছেন, কেউ সন্তানসহ সেনা ক্যাম্পে অবরুদ্ধ ছিলেন দিনের পর দিন। আবার কেউ বোমার আঘাতে অঙ্গ হারিয়েছেন। বিজ্ঞপ্তি।