কুপিয়ে জখম করার ঘটনায় বরিশালের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রলীগের সভাপতিসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন সংগঠনের এক নেতা। গত রোববার বরিশাল মহানগর হাকিম নুসরাত জাহানের আদালতে ওই মামলা করা হয়।
আদালত মামলাটি গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে নগরের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি মামলা হিসেবে নেওয়ার নির্দেশ দেন।
মামলার আসামিরা হলেন সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম ওরফে বাপ্পি, তাঁর ছোট ভাই তানজির ইসলাম, সহযোগী ফেরদৌস আহম্মেদ, ইমন হোসেন, মো. মানিক ও স্মরণ।
ছাত্রলীগের নেতা-কর্মীরা জানান, এবার সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ভর্তি-বাণিজ্য করেছেন ছাত্রলীগের নেতা রেজাউল ও কলেজের ছাত্র নগরের ১৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. সেফান হাওলাদার ওরফে হাসান। টাকা ভাগাভাগি নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। ওই ঘটনার জের ধরে ৭ জুলাই রাত সাড়ে নয়টায় কলেজ ক্যাম্পাসে সেফানকে কুপিয়ে জখম করা হয়। তাঁকে প্রথমে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকায় চিকিৎসা দেওয়া হয়।
সেফান হাওলাদার বলেন, ‘রেজাউল নিজে আমার মাথায় কোপ দেন। তাঁর সঙ্গে মামলায় উল্লিখিত পাঁচজনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন অংশ নেন।’
তবে রেজাউল ইসলাম বলেন, ‘কলেজে ভর্তি নিয়ে কিছু সমস্যা ছিল। আমি কিছু ভর্তি করেছি। সেফানও কিছু করেছেন। ওই দিন রাতে কলেজ ক্যাম্পাসে সেফানকে কে বা কারা কুপিয়ে জখম করে। সেফানের ধারণা, ওই ঘটনার সঙ্গে আমিও জড়িত ছিলাম। এটা আমার বিরুদ্ধে হয়রানিমূলক মামলা।’ তিনি আরও বলেন, ‘কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মামুন হোসেন বাবলুর সঙ্গে কলেজ কমিটি নিয়ে দ্বন্দ্ব আছে। সেই ঘটনার জের ধরে মামুন আমার বিরুদ্ধে সেফানকে ব্যবহার করছেন।’
মামুন হোসেন বলেন, ‘রেজাউল ও তাঁর সহযোগীরা সেফানকে যেভাবে কুপিয়ে জখম করেছেন, তাতে তাঁর বেঁচে থাকার কথা নয়। এখন এই হামলার ঘটনা অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে।’
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত আদালতের নির্দেশনা থানায় এসে পৌঁছায়নি। নির্দেশ পেলে ব্যবস্থা নেওয়া হবে।