ছয় পরিবারের ঈদ-আনন্দ ম্লান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট্ট একটি চৌচালা টিনের ঘর। ভেতরে বিছানায় বসে বিলাপ করছিলেন পারভীন আক্তার। পাশে বসে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছিলেন স্বজনেরা। পাশেই নিশ্চুপ বসেছিল বড় মেয়ে দিতি।
পারভীন মানিকগঞ্জের শিবালয় উপজেলায় রুমি সিএনজি ফিলিং স্টেশনের সিলিন্ডার বিস্ফোরণে নিহত দেলোয়ার হোসেনের স্ত্রী। দেলোয়ার ওই সিএনজি স্টেশনের কর্মচারী ছিলেন। দেলোয়ার ছাড়াও সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে আরও পাঁচজন মারা যান। তাঁদের বাড়িতেও ঈদের আনন্দ নেই। চলছে শুধুই মাতম।
গত বৃহস্পতিবার দুপুরে শিবালয়ের বাগজান গ্রামে দেলোয়ারের বাড়িতে গিয়ে দেখা যায়, পারভীন আক্তার (৩২) বিলাপ করছেন। এ সময় তিনি বলছিলেন, ‘বড় ম্যায়া ইবার ঈদে পাখি ড্রেস চাইছিল। বুনাস পাইয়া ম্যায়ারে হেই ড্রেস কিনা দিবার চাইছিল। ছোট ম্যায়ারেও নতুন জামা দিবার চাইছিল। এহন আমার ম্যায়াগো ক্যারা দেখব...?’
সোমবার বিকেলে শিবালয় উপজেলার বরঙ্গাইল এলাকায় রুমি সিএনজি ফিলিং স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অগ্নিদগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মঙ্গলবার সকালে মারা যান দেলোয়ার।
সিলিন্ডার বিস্ফোরণে নিহত অন্যরা হলেন: শিবালয়ের কেশবপট্টি গ্রামের আরশেদ আলী (৪৩), বরঙ্গাইল গ্রামের মাসুম হোসেন (৪৮), নারী গ্রামের লেবু মিয়া (৪০), দৌলতপুর উপজেলার কাকনা গ্রামের পাখি মিয়া (৪০) এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বাউনা গ্রামের হেলাল উদ্দিন (৪৫)। তাঁদের মধ্যে হেলাল ঘটনাস্থলে আরশেদ আলী মঙ্গলবার সকালে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় অগ্নিদগ্ধ টাঙ্গাইলের নাগরপুরের দপ্তিয়র গ্রামের সালাউদ্দিন (৩৫) একই হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন।
কেশবপট্টি আরশেদ আলীর বাড়িতে গিয়ে দেখা যায়, সালমা বেগম বিলাপ করছেন। তাঁর এক মেয়ে ও এক ছেলে। মেয়ে সুমাইয়া আক্তার (৯) স্থানীয় দশচিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি এবং ছেলে সামিউল ইসলাম (৭) দ্বিতীয় শ্রেণিতে পড়ে। সালমা বেগম বলেন, সিএনজিচালিত অটোরিকশা ভাড়ায় চালাতেন আরশেদ। পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে ছেলেমেয়ে নিয়ে তিনি এখন দিশেহারা।
নিহত মাসুম হোসেন ওই সিএনজি স্টেশনের ব্যবস্থাপক ছিলেন। তাঁর বাড়িতে গিয়েও শোকাবহ পরিবেশ দেখা যায়। তাঁরও এক মেয়ে ও এক ছেলে। মেয়ে মাকসুদা আক্তার স্থানীয় একটি কলেজে একাদশ শ্রেণি এবং ছেলে রোহানুর প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ে। বাবাকে হারিয়ে অনেকটা নির্বাক তারা। কান্নাজড়িত কণ্ঠে মাকসুদা বলে, ‘কথা বইল্যা কী অইব, বাবাকে তো আর আইনা দিতে পারবেন না!’ এরপর সে কান্নায় ভেঙে পড়ে।
নিহত পাখি মিয়া, হেলাল উদ্দিন ও সালাউদ্দিনের পরিবারেও মাতম চলছে বলে তাঁদের স্বজনেরা জানিয়েছেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তিদের পরিবারগুলোর মধ্যে আরশেদ আলী, লেবু মিয়া ও মাসুম হোসেনের স্বজনদের হাতে বৃহস্পতিবার ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। তবে সিএনজি স্টেশনের পক্ষ থেকে সহযোগিতা দেওয়া হয়নি বলে ভুক্তভোগী পরিবারগুলো জানিয়েছে।