ছয় পাউন্ড কোকেন উদ্ধারের দাবি
রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ এলাকার একটি ওষুধের দোকান থেকে গত বৃহস্পতিবার রাতে ছয় পাউন্ড (প্রায় তিন কেজি) কোকেনসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে গতকাল পর্যন্ত রাসায়নিক পরীক্ষা করে এগুলো আদৌ কোকেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কামরুল আলম (৪০), তাহের মণ্ডল (৩০), মোশারফ হোসেন ভুঁইয়া (৪৬), কাজী খলিলুল্লাহ্ মাহমুদ (৪০), মামুন হাওলাদার (৩৪) ও মোশারফ হোসেন রানা (৪৪)।
গতকাল শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, খিলক্ষেত থানার নিকুঞ্জ-২ এলাকার সীমা ফার্মেসি নামে একটি ওষুধের দোকানে অভিযান চালানো হয়। দোকানটির ভেতরে ছয়জন লোক ছিলেন। ডিবি সদস্যরা দোকানে ঢোকার পরে দুজন একটি বাদামি রঙের কাগজের কার্টন লুকানোর চেষ্টা করেন এবং অন্যরা এদিক-সেদিক পালানোর চেষ্টা করেন। ওই কার্টনে ছয় পাউন্ড কোকেন পাওয়া যায়। এরপর ডিবি দোকানে থাকা ছয়জনকেই গ্রেপ্তার করে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বাংলাদেশে মাদক হিসেবে কোকেনের ব্যবহার একেবারে নেই বললেই চলে। সাধারণ মাদকসেবীদের নাগালের বাইরে এর দাম। তবে বিভিন্ন সময় ঢাকা বিমানবন্দর ব্যবহার করে ইউরোপ-আমেরিকায় কোকেন পাচার হয়ে থাকে। এ জন্য বাংলাদেশকে শুধু রুট হিসেবে ব্যবহার করা হয়।
তবে খিলক্ষেতে অভিযান পরিচালনাকারী ডিবির সহকারী কমিশনার মঞ্জুর মোর্শেদ বলেন, এগুলো কোকেন কি না, তা নিশ্চিত হতে রাসায়ানিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।