ছয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিককে নির্যাতনের অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ছয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। গত বুধবার মৌলভীবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন সাংবাদিক সাইফুল ইসলামের স্ত্রী রুমি বেগম।
জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ জুলফিকার আলী শুনানি শেষে তদন্তের জন্য পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। এ ছাড়া তদন্ত করে ১৪ জুলাই প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন আদালত।
মামলায় শ্রীমঙ্গল থানার ওসি আবদুল জলিল, এসআই গিয়াস উদ্দিন, এসআই জাকির হোসেন, এসআই মো. মাসুদ, এএসআই মো. বাশার, মৌলভীবাজারের ট্রাফিক পরিদর্শক মাহফুজ এবং শ্রীমঙ্গল থানার আরও কয়েকজন পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে।
মামলার আরজিতে বলা হয়, সাইফুল ইসলাম দৈনিক জনতা, বাংলা ট্রিবিউন ও মৌলভীবাজার থকে প্রকাশিত সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশ পত্রিকার শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি। তিনি বিভিন্ন সময়ে শ্রীমঙ্গল থানা-পুলিশের অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশ করেন। এতে ওসি জলিল তাঁর ওপর ক্ষিপ্ত হন।
২৩ এপ্রিল রাতে শ্রীমঙ্গল শহরের ক্যাথলিক মিশন রোড এলাকায় সাইফুলকে সাদাপোশাকে কয়েকজন পুলিশ পেছন থেকে জাপটে ধরে। ধস্তাধস্তির একপর্যায়ে তিনি ওসি জলিলসহ অন্য পুলিশ সদস্যদের চিনতে পারেন। পুলিশ সেখান থেকে তাঁকে আটক করে শ্রীমঙ্গল থানায় নিয়ে যায় এবং পরদিন বিকেলে আদালতে সোপর্দ করে। তাঁকে একটি মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
রুমি বেগমের বলেন, আটকের পর রাতে আসামিরা থানা-হাজতে সাইফুলকে অমানুষিক নির্যাতন করে। এতে তাঁর হাত, পা ও কোমর থেঁতলে যায়। পরে জেলা কারাগার থেকে তাঁকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।