ছয় পেরিয়ে সাতে এবিসি রেডিও

ছয় পেরিয়ে সাত বছরে পা দিল এবিসি রেডিও এফএম ৮৯.২। কারওয়ান বাজারের নিজস্ব কার্যালয়ের ঘরোয়া উৎসবে এবিসির জন্মদিন উদ্যাপন করলেন এর কর্মকর্তা-কর্মচারী ও আগত অতিথিরা।
২০০৯ সালের ৭ জানুয়ারি যাত্রা শুরু করেছিল এবিসি। এ উপলক্ষে গতকাল বুধবার এবিসির কার্যালয়ে ছিল উৎসবের আমেজ। বিকেলে ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান কেক কেটে উৎসবের সূচনা করেন এবং এবিসির সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে লতিফুর রহমান বলেন, এবিসি বর্তমানে এক নম্বর অবস্থানে আছে। এই সাফল্য ধরে রাখতে হবে। সন্তুষ্ট হয়ে বসে থাকলে নতুন কিছু করার থাকবে না। রেডিও দেখা যায় না, পড়া যায় না, শুনতে হয়। তাই সৃষ্টিশীল অনুষ্ঠানের মাধ্যমে শ্রোতাদের ধরে রাখতে হবে এবং পরিচিতি বাড়াতে হবে।
মতিউর রহমান বলেন, এবিসির আরও অনেক কিছু করার বাকি আছে। অনুষ্ঠানের গুণমান বাড়াতে হবে। ভালো অনুষ্ঠান ও পরিচিতির মাধ্যমে নতুন নতুন শ্রোতাদের যুক্ত করতে হবে।
নিজেদের অনুভূতি প্রকাশ করেন ট্রান্সকম গ্রুপের পরিচালক আতিকুর রহমান ও আরশাদ ওয়ালিউর রহমান, এবিসি রেডিওর নির্বাহী পরিচালক জালাল উদ্দিন আকন্দ, প্রধান পরিচালন কর্মকর্তা সানাউল্লাহ, অনুষ্ঠান প্রধান ইকরাম কবীরসহ অন্যান্য কর্মকর্তা ও কলাকুশলীরা। শুভেচ্ছা বক্তব্য দেন এটিএন বাংলা টেলিভিশন চ্যানেলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাশিক আহমেদ। উৎসবে উপস্থিত ছিলেন শ্রোতাবন্ধু, শিল্পী-কুশলী, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীরা।
সাত বছরে পা দেওয়া উপলক্ষে নতুনভাবে সাজানো হয়েছে এবিসির অনুষ্ঠানমালা। যোগ হয়েছে ‘অন দ্য রান’, ‘হিটহট’, ‘স্পিডব্রেকার’ ও ‘চিল আউট’। ঢেলে সাজানো হয়েছে সাপ্তাহিক আয়োজনও। শনিবারে থাকছে ‘প্রেমরোগ’, রোববারে ‘যাহা বলিব সত্য বলিব’, সোমবারে ‘কুয়াশা’, মঙ্গল ও শুক্রবারে ‘মেন্টস বাত্তি জ্বালাও’, বুধবারে ‘হ্যালো ৮৯২০’ এবং বৃহস্পতিবারে ‘ডর’। এ ছাড়া নিয়মিতভাবে থাকছে প্রতিঘণ্টায় ‘এবিসি সংবাদ’।