বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে ঢাকার সাভার ও আশুলিয়া এবং গাজীপুরের ছয়টি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল সোমবার বিক্ষোভ করেন। এর মধ্যে আশুলিয়ার একটি কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। গাজীপুরের একটি কারখানায় ভাঙচুর করেন শ্রমিকেরা।
আশুলিয়া শিল্প পুলিশ ও শ্রমিকেরা জানান, আশুলিয়ার জিরানী এলাকার লিবার্টি ফ্যাশনস কারখানার শ্রমিকেরা দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে গতকাল কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন। এর পরও কর্তৃপক্ষের সাড়া না পেয়ে তাঁরা বাইরে থেকে কারখানার ভেতরে ইটপাটকেল নিক্ষেপ করেন। বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকেরা প্রথমে জিরানী-রাঙ্গামাটি সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। পরে তাঁরা নবীনগর-কালিয়াকৈর সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে শ্রমিকেরা খেপে গিয়ে পুলিশকে ধাওয়া করেন। পুলিশ তাঁদের ধাওয়া দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরে পুলিশ হালকা লাঠিপেটা করে শ্রমিকদের সড়ক থেকে তাড়িয়ে দেয়। সংঘর্ষে অন্তত ২৫ জন শ্রমিক আহত হয়েছেন বলে শ্রমিকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
গতকাল বিকেলের দিকে পুলিশের মধ্যস্থতায় শ্রমিকদের এক হাজার থেকে দেড় হাজার টাকা করে দেওয়া হয়। বাকি টাকা ঈদের পরে দেওয়া হবে বলে কারখানার পক্ষ থেকে জানানো হয়।
লিবার্টি ফ্যাশনস ছাড়াও বকেয়া বেতন ও বোনাসের দাবিতে গতকাল বিক্ষোভ করেছেন আশুলিয়ার হাসেম প্লাজায় অবস্থিত ইন্ট্রাকো গার্মেন্টস, গৌরীপুরের মা স্টিজ ও সাভারের হেমায়েতপুর এলাকায় জুট অ্যান্ড নিট কম্পোজিট কারখানার শ্রমিকেরা।
শিল্প পুলিশ আশুলিয়া জোনের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান শ্রমিক অসন্তোষের বিষয় নিশ্চিত করে বলেন, বেতন-বোনাস না দেওয়ায় কিছু কিছু কারখানায় সমস্যা হয়েছে।
গাজীপুরের শিল্প পুলিশ ও শ্রমিকেরা জানান, সদর উপজেলার নাওজোড় এলাকার ডটকম সোয়েটার লিমিটেডের শ্রমিকেরা গত রোববার কর্মবিরতি ও বিক্ষোভ করেন। কারখানায় ভাঙচুর ও বিক্ষোভের মুখে রাতে ৬০০ শ্রমিকের বেতন-বোনাস দিলেও বাকি ৭০০ শ্রমিকের টাকা দিতে পারেনি কর্তৃপক্ষ। তাই ক্ষুব্ধ শ্রমিকেরা গতকাল সকালে কারখানা এলাকায় বিক্ষোভ করে ভাঙচুর করেন।
কারখানার প্রশাসনিক কর্মকর্তা মো. আবুল বাশার জানান, শ্রমিক-কর্মীদের বেতন-বোনাস ও চলতি মাসের ছয় দিনের বেতন বাবদ এক কোটি ৮০ লাখ টাকার প্রয়োজন। কিন্তু মালের জাহাজীকরণ না হওয়ায় পুরো টাকা জোগাড় করা যায়নি। পরে ধারকর্জ করে শুধু সেপ্টেম্বরের বেতন দেওয়া হয়।
এদিকে সদর উপজেলার শিররচালা এলাকায় হাই ফ্যাশন কম্পোজিট লিমিটেড নামের কারখানার শ্রমিকেরা রোববার বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেন। গতকাল সকালে শ্রমিকেরা কারখানায় বিক্ষোভ করেন। পরে শ্রমিকদের দাবির মুখে তাঁদের বেতন পরিশোধ করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
শ্রমিক-বিক্ষোভের বিষয়টি নিশ্চিত করে গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার শামসুর রহমান জানান, কারখানা এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।