ছয়টি পৌরসভার নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করা হয়েছে।গতকাল সোমবার নির্বাচন কমিশনঘোষিত এ তফসিল অনুযায়ী মাগুরা, ঝালকাঠি, কক্সবাজার, মহেশখালী, টেকনাফ ও চকোরিয়া পৌরসভার ভোট গ্রহণ করা হবে আগামী ২৭ জানুয়ারি। ২৯ ডিসেম্বর পর্যন্ত মনোয়নপত্র দাখিল করা যাবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১১ জানুয়ারি।গত ২ ডিসেম্বর কমিশনঘোষিত ২৬৯টি পৌরসভার তফসিলের মধ্যে এই ছয়টিও ছিল। গত সপ্তাহে হাইকোর্টের এক আদেশে এই ছয়টি পৌরসভার নির্বাচন স্থগিত করা হয়। সরকারপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি গত রোববার হাইকোর্টের আদেশ ওপর স্থগিতাদেশ দেন।নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন গতকাল সাংবাদিকদের বলেন, হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ দেওয়ায় আপাতত নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই। তাই এসব পৌরসভার জন্য নতুন করে তফসিল ঘোষণা করা হয়েছে।আরও তিনটির স্থগিতাদেশ স্থগিত: এদিকে চাঁদপুর সদর, মাদারীপুর সদর ও নেত্রকোনার মদন পৌরসভা নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন আপিল বিভাগ। পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি এস কে সিনহা এ আদেশ দেন।সহকারী অ্যাটর্নি জেনারেল একরামুল হক সাংবাদিকদের বলেন, হাইকোর্টের আদেশ স্থগিত হওয়ায় এই তিন পৌরসভার নির্বাচন অনুষ্ঠানে আপাতত কোনো আইনি বাধা নেই। নির্বাচন কমিশন সূত্র জানায়, আদালতের নির্দেশের কারণে এখনো সাতটি পৌরসভার নির্বাচন স্থগিত রয়েছে।