জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল বুধবার স্পেশাল অলিম্পিক সামার ওয়ার্ল্ড গেমসে পদক পাওয়া সরিষাবাড়ী বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের ছয় খেলোয়াড়ের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক অনুষ্ঠানে এই চেক বিতরণ করা হয়।
সরিষাবাড়ী বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয় সূত্রে জানা যায়, পৌর শহরের ওই বিদ্যালয়ের ছয় খেলোয়াড় ২০১৫ সালে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক সামার ওয়ার্ল্ড গেমসে অংশ নেয়। তারা আটটি পদক লাভ করে।
পদক পাওয়া প্রতিবন্ধী খেলোয়াড়েরা হলো সাগর আলী, রিপন মিয়া, মিষ্টি আক্তার, কানিজ ফাতেমা, মুন্নি আক্তার ও রনি মিয়া।
গতকাল দুপুরে ইউএনও সাইয়েদ এ জেড মোরশেদ আলী তাঁর কার্যালয়ে পদকপ্রাপ্ত ওই ছয় খেলোয়াড়ের মধ্যে মোট ১ লাখ ১২ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান, বেসরকারি সংস্থা সুইড বাংলাদেশ সরিষাবাড়ী শাখার সাধারণ সম্পাদক আবুল হোসেন সরকার, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সহসভাপতি মোস্তাফিজুর রহমান, শিল্পকলা একাডেমি মিলনায়তনের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি মন্টু লাল তেওয়ারী প্রমুখ।
সরিষাবাড়ী বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান বলেন, পদক পাওয়া ৬ খেলোয়াড়ের হাতে অনুদানের চেক দেওয়া হয়েছে।