ছয় প্রতিষ্ঠানকে ৩৮ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বায়ু ও শব্দদূষণের অপরাধে ঢাকার ছয়টি প্রতিষ্ঠানকে মোট ৩৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বায়ুদূষণের অপরাধে ঢাকার ডেমরা এলাকার দুটি শিল্পকারখানাকে সাড়ে ২৭ লাখ এবং শব্দদূষণের দায়ে রাজধানীর চারটি প্রতিষ্ঠানকে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা করে সংস্থাটি। গতকাল বুধবার পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট বিভাগের অভিযানে এই জরিমানা করা হয়। এ ছাড়া পরিবেশ অধিদপ্তর থেকে জানানো হয়, পলিথিনবিরোধী অভিযানে গত ২৮ দিনে বিভিন্ন পলিথিন উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা হিসেবে ১১ লাখ ২০ হাজার টাকা আদায় করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, গতকাল ডেমরার বিক্রমপুর রি-রোলিং মিলস এবং আল আকসা স্টিল মিলস লিমিটেডে পরিবেশ অধিদপ্তর অভিযান চালায়। অভিযানে দেখা যায়, কোনোটিরই বায়ুদূষণ-নিরোধক আধুনিক প্রযুক্তি নেই, যা স্টিল অ্যান্ড রি-রোলিং মিলের জন্য বাধ্যতামূলক। এ কারণে এই দুটি শিল্পকারখানার কাছ থেকে ২৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণবিরোধী অভিযানে উত্তরার চারটি প্রতিষ্ঠানের শব্দের মাত্রা সহনীয় মাত্রার চেয়ে বেশি পাওয়া যায়। প্রতিষ্ঠানগুলো হলো—রহিম-আফরোজ ডিস্ট্রিবিউশন লিমিটেড, ডম ইনো লিমিটেড, আইয়ুব হোসেন অ্যান্ড কোম্পানি ও কাবাব ফ্যাক্টরি। এ প্রসঙ্গে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, মহানগরে শব্দদূষণের অভিযোগ পাওয়ার পরপরই পরিবেশ অধিদপ্তর তাৎক্ষণিকভাবে এনফোর্সমেন্টের আওতায় ব্যবস্থা নিয়েছে। এদিকে পলিথিনবিরোধী বিশেষ অভিযানে সারা দেশে ২ থেকে ৩০ মে পর্যন্ত ১১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায়ের পাশাপাশি সাড়ে ২৫ মেট্রিক টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এবং জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তরের সব স্তরের কর্মকর্তা-কর্মচারী এ অভিযানে অংশ নেন।