ছয় প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা
কিশোরগঞ্জের কটিয়াদী পৌর সদরে গতকাল বুধবার বিভিন্ন মিষ্টির দোকান ও বিস্কুট কারখানায় অভিযান চালিয়ে ছয়টি প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত এই অভিযান চালানো হয়। এ সময় মিষ্টিতে ভেজাল আটা, রং ও অন্যান্য ক্ষতিকারক দ্রব্য মেশানোর দায়ে কটিয়াদী বাজারের মিষ্টি ব্যবসায়ী সেন্টু ঘোষকে আড়াই হাজার টাকা, ভূষণ ঘোষকে আড়াই হাজার টাকা, ক্ষিরো ঘোষকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া শাহীন বেকারির মালিক বাচ্চু মিয়াকে ২০ হাজার টাকা, রিয়াজ উদ্দিন বেকারির মালিক রিয়াজ উদ্দিনকে পাঁচ হাজার টাকা ও রহমালী বেকারির মালিক রহমালীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন আদালত। অভিযান চলাকালে ভেজাল খাদ্যসামগ্রী, মেয়াদোত্তীর্ণ আটা, ময়দা ও রংসহ বিপুল পরিমাণ ক্ষতিকারক দ্রব্য জব্দ করা হয়।ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম প্রথম আলোকে বলেন, আসন্ন রমজানে মানুষ যাতে ভেজাল খাবার খেয়ে ক্ষতির সম্মুখীন না হয়, সেই লক্ষ্যেই এই অভিযান চালানো হয়। অভিযান চলবে। গতকালের অভিযানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) সদস্য ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।