ছয় প্রতিষ্ঠানের কাছে আইটিসি লাইসেন্স হস্তান্তর
অবশেষে ছয় প্রতিষ্ঠানের কাছে ইন্টারন্যাশনাল টেরিস্ট্রোরিয়াল কেবেলর (আইটিসি) লাইসেন্স হস্তান্তর করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এগুলো হলো: নভোকম লিমিটেড, ওয়ান এশিয়া-এএইচএলজেভি, বিডি লিংক কমিউনিকেশন লিমিটেড, ম্যাংগো টেলিসার্ভিসেস লিমিটেড, সামিট কমিউনিকেশন লিমিটেড ও ফাইবার অ্যাট হোম লিমিটেড।বিটিআরসি কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার এই লাইসেন্স হস্তান্তর করেন বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ। তিনি প্রথম আলোকে জানান, নীতিমালা অনুযায়ী, আগামী ছয় মাসের মধ্যে আইটিসি লাইসেন্সপ্রাপ্তদের কাজ শুরু করতে হবে। বাংলাদেশ বর্তমানে আন্তর্জাতিক টেলিযোগাযোগের জন্য শুধু একটি সাবমেরিন কেবেলর ওপর নির্ভরশীল। এর সংযোগ বিচ্ছিন্ন হলেই টেলিযোগাযোগসহ সব ধরনের খাত আর্থিক ক্ষতির শিকার হয়। এই লাইসেন্সের ফলে অপারেটররা টেরিস্ট্রোরিয়াল অপটিক্যাল ফাইবার লাইনের মাধ্যমে বিভিন্ন দেশের টেলিযোগাযোগ কোম্পানিগুলোর সঙ্গে সংযুক্ত হয়ে বিকল্প ব্যবস্থায় বাংলাদেশকে আন্তর্জাতিক টেলিযোগাযোগব্যবস্থার সঙ্গে যুক্ত করতে পারবে। আইটিসি লাইসেন্স ফি দুই কোটি টাকা।গত বছর ৩১ মার্চ বিটিআরসির ওয়েবসাইটে প্রকাশিত আইটিসি লাইসেন্সিং নীতিমালায় সর্বোচ্চ তিনটি লাইসেন্স দেওয়ার কথা উল্লেখ ছিল। পরে সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে তিনটির পরিবর্তে ছয়টি লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া শুরু হয়।