কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ছয় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে। এর মধ্যে তিনজন চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে আটটি ও তিনজন ভাইস চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে।
রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা হলফনামায় প্রার্থীরা এ তথ্য দিয়েছেন। ৯ মে এ নির্বাচন হবে।
প্রার্থীদের দাখিল করা হলফনামা ঘেঁটে দেখা গেছে, চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল হাশেমের বিরুদ্ধে তিনটি ফৌজদারি মামলা রয়েছে। তিনটি মামলাই বিচারাধীন। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গোয়ালমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আহাম্মদ হোসেনের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। চারটি মামলাই কুমিল্লার বিভিন্ন আদালতে বিচারাধীন। আওয়ামী লীগের সাংসদ মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার ছেলে মোহাম্মদ আলীর বিরুদ্ধে ঢাকার তৃতীয় মহানগর দায়রা জজ আদালতে একটি মামলা রয়েছে।
ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান ওরফে সজীবের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম সরকারের বিরুদ্ধে মারামারির একটি মামলা তদন্তাধীন রয়েছে। আরেক প্রার্থী নুরুল আমিন মিয়াজীর বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।
তিন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অক্ষরজ্ঞানসম্পন্ন: উপজেলা পরিষদ নির্বাচনে ছয়জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে তিনজনই অক্ষরজ্ঞানসম্পন্ন। তাঁরা হলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেবন নেসা জীবন ওরফে স্বপ্না, বিএনপি-সমর্থক রোজিনা আক্তার ও নাজমা বেগম। অন্য তিন প্রার্থীর মধ্যে বিএনপি-সমর্থক ফরিদা ইয়াছমিন স্নাতকোত্তর, ফরিদা বেগম এইচএসসি এবং আওয়ামী লীগ-সমর্থিত বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মৎ পারুল আক্তার এইচএসসি পাস।
৩১ প্রার্থীর মধ্যে ২৩ জনের পেশা ব্যবসা: ১১ জন চেয়ারম্যান পদপ্রার্থীর মধ্যে ১০ জনের পেশা ব্যবসা। একমাত্র উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আহাম্মদ হোসেনের পেশা কৃষিকাজ। ১৪ জন ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ১২ জনের পেশা ব্যবসা, অন্য দুজনের মধ্যে নুরুল আমিন মিয়াজী সাংবাদিকতা ও মো. আক্তারুজ্জামান ভূঁইয়া আইন পেশায় রয়েছেন। ছয় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে পাঁচজন গৃহিণী ও একজন মৌসুমি ব্যবসা করছেন।
এই নির্বাচনে ২ লাখ ৩৮ হাজার ৫৪ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ১ লাখ ১৯ হাজার ২৪৯ এবং মহিলা ১ লাখ ১৮ হাজার ৮০৫ জন। ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৯৫টি ভোটকেন্দ্রে ভোটাররা ভোট দেবেন।
জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘মনোনয়নপত্র ও হলফনামায় প্রার্থীরা তাঁদের যাবতীয় প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করেছেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য আমরা তৎপর রয়েছি। সব প্রার্থীকে আচরণবিধি মেনে চলার জন্য বলা হয়েছে।’