ছয় প্রিসাইডিং কর্মকর্তাকে পরিবর্তনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ছয়জন প্রিসাইডিং কর্মকর্তাকে পরিবর্তনের দাবি জানিয়েছেন বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী আহসান হাবিবের প্রধান নির্বাচনী এজেন্ট এবায়েদুল হক। গতকাল দুপুর ১২টায় তিনি রিটার্নিং কর্মকর্তার বরাবর এক লিখিত অভিযোগে ওই ছয়জনের নিরপেক্ষতা নিয়ে সংশয় প্রকাশ করে এই দাবি জানান।রিটার্নিং কর্মকর্তা মো. মুজিবুর রহমান এ ব্যাপারে বলেন, নির্বাচনের আগের দিন আর কোনো রদবদল করা সম্ভব নয়। যে ছয়জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাঁরা সবাই সরকারি কর্মকর্তা। মো. মুজিবুর রহমান বলেন, ‘আমি খোঁজ নিয়ে জেনেছি, তাঁদের কেউই প্রার্থীদের কারোর আত্মীয় নন। তা ছাড়া সরকারি কর্মকর্তা হওয়ার কারণে সরাসরি রাজনীতির সঙ্গেও যুক্ত নন কেউ। তার পরও যদি আরও আগে আপত্তি করা হতো, তাহলে পরিবর্তন করা যেত।’এ ছয়জন প্রিসাইডিং কর্মকর্তা হলেন বরিশাল সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক আখতারুজ্জামান, সরকারি ব্রজমোহন কলেজের সহকারী অধ্যাপক মো. বিল্লাল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. ইব্রাহিম খলিল ফারুকী, সরকারি ব্রজমোহন কলেজের সহকারী অধ্যাপক মো. গোলাম মোর্শেদ, একই কলেজের প্রভাষক আল আমিন সরোয়ার ও শাকিল আহমেদ।প্রথম আলোর পক্ষে এ ছয়জন প্রিসাইডিং কর্মকর্তার সঙ্গে কথা বললে তাঁরা প্রত্যেকেই কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন বলে দাবি করেন।আখতারুজ্জামান বলেন, ‘আমি আগেই দায়িত্ব নিতে আপত্তি করেছিলাম। এখন এ অভিযোগ শোনার পর বিব্রত বোধ করছি।’ বিল্লাল হোসেন বলেন, ‘আমার ওপর অর্পিত দায়িত্ব আমি নিষ্ঠার সঙ্গেই পালন করব।’