ছয় বছর ধরে অবৈধভাবে বেতন-ভাতা তুলছেন!
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভা সদরের সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষকে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্ত্বেও অবৈধভাবে নিয়োগ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শিক্ষা মন্ত্রণালয়ের দুই দফা তদন্ত প্রতিবেদনে অধ্যক্ষ নিয়োগ অবৈধ ঘোষণা দেওয়ার পরও ছয় বছর ধরে তিনি অবৈধভাবে বেতন-ভাতা তুলে নিচ্ছেন।শিক্ষা মন্ত্রণালয়ের ২০০৯ সালের ২৮ জুলাই তদন্ত প্রতিবেদন সূত্রে জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেটের ৪৭তম বিশেষ সভায় শিক্ষাগত যোগ্যতাবিহীন অবৈধভাবে সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ পদে মো. ইমদাদুল হকের নিয়োগ অনুমোদন করে।২০০৪ সালের ১৫ জুলাই কলেজ পরিচালনা পর্ষদ শিক্ষাগত যোগ্যতা ছাড়াই মো. ইমদাদুল হককে অধ্যক্ষ পদে অবৈধভাবে নিয়োগ দেয়। অধ্যক্ষ মো. ইমদাদুল হক ২০০৪ সালের ২৯ জুলাই কলেজে যোগদান করেন। ১৯৯৫ সালের জারি করা জনবলকাঠামো ও নিয়োগ বিধিমালা অনুযায়ী বেসরকারি ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হচ্ছে দ্বিতীয় শ্রেণীতে স্নাতকসহ (সম্মান) দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি এবং তিন বছরের সহকারী অধ্যাপকের অভিজ্ঞতাসহ ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা না থাকলেও তাঁকে অধ্যক্ষ পদে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান অধ্যক্ষ মো. ইমদাদুল হকের শিক্ষাগত যোগ্যতা যাচাই করে দেখা যায়, তিনি এইচএসসি পরীক্ষায় তৃতীয় বিভাগ ও স্নাতক (পাস) পাস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন অর্থাৎ স্নাতক পাসের ক্ষেত্রে তিনি কোনো বিভাগ বা শ্রেণীতে উত্তীর্ণ হননি। স্নাতক পর্যায়ে তাঁর অনার্স ডিগ্রিও নেই।শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা পরিদর্শক মো. মনিরুজ্জামান খন্দকার ও সহকারী পরিদর্শক শফি মাহমুদ ২০০৯ সালের ২৯ জুলাই তদন্ত প্রতিবেদনে অধ্যক্ষ মো. ইমদাদুল হক সরকারি অনুদানপ্রাপ্ত নন বলে শিক্ষা মন্ত্রণালয়ে দাখিল করেন।প্রতিবেদনে বলা হয়, ২০০৪ সালের ১৭ জুলাই থেকে ২০০৯ সালের মে পর্যন্ত গৃহীত সমুদয় অর্থ (সাত লাখ ৪৫ হাজার ৮৫৬ টাকা) সরকারি কোষাগারে ফেরত এবং পরে গৃহীত অর্থও ফেরত বলে গণ্য হবে।এদিকে পুনরায় ২০১১ সালে ৭ এপ্রিল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. নোমান উর রশীদ স্বাক্ষরিত পত্রে তৎকালীন জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলামকে তদন্তকারী কর্মকর্তা করে প্রতিবেদন চাওয়া হয়।২০১১ সালের ৮ জুলাই তদন্ত প্রতিবেদন সূত্রে জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৬৬তম সিন্ডিকেট মো. ইমদাদুল হককে অধ্যক্ষ পদে নিয়োগের অনুমতি প্রদান করে। প্রতিবেদনে আরও জানানো হয়, সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা ডিগ্রি কলেজের বর্তমান অধ্যক্ষ মো. ইমদাদুল হককে শিক্ষাগত যোগ্যতা ছাড়াই নিয়োগ দেওয়া হয়েছে।তদন্তকারী কর্মকর্তা শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা পরিদর্শক মো. মনিরুজ্জামান খন্দকার ও সহকারী পরিদর্শক শফি মাহমুদের সঙ্গে যোগাযোগ করে না পাওয়ায় তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।দ্বিতীয় দফা তদন্তকারী কর্মকর্তা জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে জানান, সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ইমদাদুল হককে শিক্ষাগত যোগ্যতা ছাড়াই অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে।বর্তমান অধ্যক্ষ মো. ইমদাদুল হক জানান, ‘এ ব্যাপারে আমি কোনো কিছু বলতে পারব না।’সাবেক অধ্যক্ষ এ বি এম জহুরুল ইসলাম জানান, ‘আমি আওয়ামী লীগ করায় তৎকালীন বিএনপি সরকার কর্তৃক কলেজ পরিচালনা পর্ষদের সভাপতির বন্দুকের মুখে বাধ্য হই দেশ ত্যাগ করতে।’ তিনি আরও জানান, বর্তমান অধ্যক্ষ মো. ইমদাদুল হককে শিক্ষাগত যোগ্যতা ছাড়াই নিয়োগ দেওয়া হয়। সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ কামরুল হাসান বলেন, ‘এ ব্যাপারে আমি কোনো কিছু জানি না।’সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি স্থানীয় সাংসদ মুরাদ হাসান বলেন, ‘কাগজপত্র না দেখে আমি কোনো কিছু বলতে পারব না।’