ছয় বছর ধরে আওয়ামী লীগের কাউন্সিল হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়াদোত্তীর্ণ হওয়ার পর ছয় বছরেও খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগের কাউন্সিল হয়নি। ফলে দলীয় কর্মকাণ্ড চলছে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়েই। মহানগর কমিটি সাংগঠনিক কর্মকাণ্ড অব্যাহত রাখলেও শীর্ষস্থানীয় দুই নেতার কোন্দলে বিপর্যস্ত জেলা কমিটি।মেয়াদোত্তীর্ণ হওয়ার ছয় বছর পরও সম্মেলন না হওয়ায় দলের নেতৃত্বপ্রত্যাশীদের মধ্যে হতাশা বিরাজ করছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে সাংগঠনিক কর্মকাণ্ডে। বিশেষ করে সম্প্রতি খুলনার কয়রা ও পাইকগাছা উপজেলায় জামায়াত-শিবিরের সহিংসতা আওয়ামী লীগ প্রতিরোধে ব্যর্থ হয়েছে।দলীয় সূত্রে জানা গেছে, ২০০৪ সালের ১৫ জানুয়ারি মহানগর ও ১৬ জানুয়ারি জেলা আওয়ামী লীগের সর্বশেষ ত্রিবার্ষিক কাউন্সিল হয়। কাউন্সিলে তালুকদার আবদুল খালেককে সভাপতি ও মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে নগর কমিটি এবং শেখ হারুনুর রশীদকে সভাপতি ও এস এম মোস্তফা রশীদিকে সাধারণ সম্পাদক করে জেলা কমিটি ঘোষণা করা হয়। ২০০৭ সালের ১৭ জানুয়ারি উভয় কমিটির মেয়াদ শেষ হলেও আর সম্মেলন হয়নি।সূত্র জানায়, মহানগর ও জেলা আওয়ামী লীগের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় কেন্দ্র থেকে কাউন্সিল করার জন্য একাধিকবার তাগিদ দেওয়া হয়েছে। সম্মেলনের প্রস্তুতি হিসেবে নগরের ৩১টি ওয়ার্ডের মধ্যে ২৯টি ওয়ার্ডের সম্মেলন শেষ করা হয়েছে। বাকি দুটি ওয়ার্ডের সম্মেলনও চলতি মাসের মধ্যে শেষ করা হবে।নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, ‘চলতি মাসের যেকোনো দিন নগর কমিটির সম্মেলন করা যেতে পারে বলে কেন্দ্রকে জানানো হয়েছে। এ ব্যাপারে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বর্তমানে দলে কোনো কোন্দল নেই।’জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও খুলনা-১ আসনের সাংসদ ননী গোপাল মণ্ডল জানান, জেলা আওয়ামী লীগের সম্মেলন দ্রুত সম্পন্ন করার জন্য দলের প্রধান শেখ হাসিনা ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁদের কোনো দিকনির্দেশনা দেননি। ফলে জেলার নেতা-কর্মীরা ক্ষুব্ধ ও হতাশ হয়ে পড়েছেন।দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে আছেন শেখ হারুনুর রশীদ ও এস এম মোস্তফা রশীদি। তাঁদের দ্বন্দ্বের বিরূপ প্রভাব পড়েছে মাঠপর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে। দ্বন্দ্ব থেকে রেহাই পায়নি দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনও। এমনকি অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ইতিপূর্বে জেলার কয়েকটি উপজেলায় সংঘর্ষ হয়েছে।শেখ হারুনুর রশীদ বলেন, ‘জামায়াত-শিবিরের সন্ত্রাস-তাণ্ডব ও যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি এখন দলের কাছে মুখ্য। তাই খুলনা অঞ্চলে আমার প্রথম কাজ হবে তৃণমূল পর্যায়ে দলকে সংগঠিত করে শক্তিশালী করা এবং স্বাধীনতাবিরোধী শক্তিদের দৃঢ়ভাবে প্রতিরোধ করা। এখন কোন্দল দেখার সময় নেই। দলের অস্তিত্ব যদি না থাকে, তাহলে কাদের নিয়ে কোন্দল হবে?’ জেলা কমিটির কাউন্সিলের ব্যাপারে খুব শিগগির কাজ শুরু করা হবে বলে তিনি জানান।