ছয় বছর ধরে পড়ে আছে তিনটি ফেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ছয় বছর ধরে খুলনার দাকোপ উপজেলার পানখালি ফেরিঘাটের পাশে তিনটি ফেরি ফেলে রাখা হয়েছে। এভাবে ফেলে রাখায় এগুলো নষ্ট হচ্ছে। কিন্তু ফেরি না থাকায় উপজেলার বিভিন্ন খেয়াঘাট দিয়ে মানুষ পার হচ্ছে ঝুঁকি নিয়ে।এলাকাবাসী জানান, প্রায় ২০ বছর আগে পানখালি নদী পারাপারের জন্য একটি ফেরি দেয় সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। এটি মাঝে মাঝে বন্ধ রাখা হয়। আর বছর ছয়েক আগে পানখালি ফেরিঘাটের পাশে আরও তিনটি ফেরি এনে রাখা হয়। এভাবে ফেলে রাখায় ফেরিগুলোতে মরিচা পড়ে নষ্ট হচ্ছে। খুলনার বিভিন্ন নদীতে সেতু হয়ে যাওয়ায় সেখানে চলাচলকারী ফেরিগুলো এখানে এনে রাখা হয়েছে। এলাকাবাসী আরও জানান, দাকোপে কয়েকটি নদীতে ফেরি না থাকায় মানুষের যাতায়াতে বেশ অসুবিধা হচ্ছে। এর মধ্যে চুনকুড়ি নদীর পোদ্দারগঞ্জ, ডাকী নদীর দাকোপ, পশুর নদীর বাজুয়া, শিপসা নদীর শান্তা, হাফরখানা মাদুরপাল্টা নদীর গড়খালি খেয়াঘাট দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ১২ হাজার মানুষ ট্রলারে পারপার হয়। অনেক সময় দুর্ঘটনার শিকার হতে হয় তাদের। এ ছাড়া এসব জায়গায় ফেরি না থাকায় ভারী যানবাহনগুলোকে বেশি পথ পাড়ি দিয়ে যাতায়াত করতে হয়। এলাকাবাসী বলছেন, এসব স্থানে ফেরির ব্যবস্থা করা হলে এলাকার মানুষের যাতায়াতে বেশ সুবিধা হতো। স্থানীয় সূত্রগুলো জানায়, ১৪ বছর আগে পোদ্দারগঞ্জে ফেরি দেওয়ার জন্য সেখানে পন্টুন স্থাপন করা হয়। কিন্তু ফেরি আর আসেনি। আইলার সময় ওই পন্টুন ডুবে গেলে পরে তা সংস্কারের জন্য নিয়ে যাওয়া হয়। এরপর সেই পন্টুনও আর আসেনি।পানখালি এলাকার মনোজ মণ্ডল বলেন, ‘দাকোপের খেয়াঘাটে ফেরি নেই। পানখালি ঘাটের ফেরিটি মাঝে মাঝে চলে, কিন্তু বেশি সময় ফেলা রাখা হয়। এভাবে পড়ে থাকায় ফেরিগুলো নষ্ট হচ্ছে।’ গত সোমবার সরেজমিনে দেখা যায়, পানখালি ফেরিঘাটের পূর্ব দিকে তিনটি ফেরি পড়ে আছে। রোদ-বৃষ্টিতে এগুলোর অধিকাংশ জায়গায় মরিচা ধরেছে। লবণপানিতে ফেরিগুলোর নিচের অংশেও মরিচা ধরেছে। একটি ফেরির অনেক জায়গায় খসে পড়ছে। পানখালি ঘাটের ফেরিটিও বন্ধ। এ ছাড়া দাকোপের বিভিন্ন খেয়াঘাটে অত্যন্ত ঝুঁকি নিয়ে মানুষ ট্রালারে করে পারাপার হচ্ছে। পোদ্দারগঞ্জ খেয়াঘাটের যাত্রী রহিমা খাতুন বলেন, ‘পানখালি নদীতে ফেরিগুলো ফেলে নষ্ট করা হচ্ছে। অথচ আমাদের এখানে ফেরি দিল না। প্রতিদিন এভাবে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।’ সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের ফেরি বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার চৌধুরী বলেন, ‘ওই তিনটি ফেরির মধ্যে একটি অচল, আরেকটি চালু করতে মেরামত প্রয়োজন। এ ছাড়া আরেকটি ফেরির বড় ধরনের মেরামত করতে হবে। এ জন্য আমরা বরাদ্দের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি। বরাদ্দ পেলে কাজ শুরু হবে।’ পানখালি ঘাটের ফেরি মাঝে মাঝে বন্ধ থাকা প্রসঙ্গে সওজ খুলনার নির্বাহী প্রকৌশলী তাপসী দাস বলেন, ‘আমরা জনসাধারণের ভাড়া নিই না। এ কারণে গাড়ি না থাকলে ইজারাদার ফেরি ছাড়েন না।’