ছয় বছর ধরে লাল ফিতায় বন্দী প্রকল্প, ভাঙছে নদী
ছয় বছর ধরে লাল ফিতায় বন্দী হয়ে আছে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরলক্ষ্মী গ্রামের ভাঙন প্রতিরোধ প্রকল্প। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) লক্ষ্মীপুর বিভাগীয় কার্যালয় থেকে দুবার এ প্রকল্প তৈরি করলেও ছয় বছরে তা বাস্তবায়িত হয়নি। এ নিয়ে ঘরবাড়ি ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব হওয়া ভূমিহীনদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।লক্ষ্মীপুর পাউবোর বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, ২০০০ সালে তিন কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে দুই হাজার ৫০০ হেক্টর জমিতে সেচের সুবিধা দেওয়ার জন্য হাজিমারা-চররমনি বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়। নির্মাণের শুরুতে বেড়িবাঁধ থেকে এক কিলোমিটার দূরে মেঘনার অবস্থান ছিল। তখন নদীভাঙনের লক্ষণ ছিল না। ২০০৫ সালে চরলক্ষ্মী গ্রাম এলাকায় মেঘনা নদীর ভাঙন শুরু হয়। নদীভাঙনের শুরুতে ভাঙন প্রতিরোধের জন্য পাউবোর লক্ষ্মীপুর বিভাগীয় কার্যালয় থেকে ৪৫ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প তৈরি করা হয়। তা অনুমোদনের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। কিন্তু ছয় বছরেও প্রকল্পটি অনুমোদিত হয়নি।ইতিমধ্যে ভাঙনের পরিধি বেড়ে যাওয়ায় ভাঙন প্রতিরোধসহ প্রকল্পের অসমাপ্ত কাজ শেষ করতে ওই দপ্তর থেকে আবার ২০০৭-০৮ অর্থবছরের সাত কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে প্রকল্প তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।সরেজমিনে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, চরলক্ষ্মী গ্রামের দুই হাজার একর আবাদি জমি এবং দুই শতাধিক ঘরবাড়িসহ হাজিমারা-চররমনি বেড়িবাঁধের প্রায় তিন কিলোমিটার অংশ মেঘনা গিলে খেয়েছে। হাজিমারা-চররমনি বাঁধের জব্বার মোল্লা খালের ওপর সোয়া এক কোটি টাকা ব্যয়ে নির্মিত ড্রেনেজ এখন নদীভাঙনের মুখে রয়েছে। যেকোনো মুহূর্তে এটি নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। হুমকির মুখে আছে মোল্লারহাট বাজার, স্থানীয় ইউপি কমপ্লেক্স ভবন ও চাঁদপুর সেচ প্রকল্প।চরলক্ষ্মী গ্রামের করিম মুন্সি, রশিদ মাল, সুফিয়ান বেপারী ও মাহমুদ আলী ছৈয়াল জানান, মেঘনার ভাঙনে তাঁরা আজ নিঃস্ব। তাঁদের মতো শত শত পরিবার এখন পথের ভিখারি। ভূমিহীন এসব মানুষের মাথা গোঁজার ঠাঁই নেই। জরুরি ভিত্তিতে ভাঙন ঠেকানো না গেলে অচিরেই মেঘনায় তলিয়ে যাবে কোটি কোটি টাকার ভূমি ও স্থাপনা।ভাঙনকবলিত উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চেয়ারম্যান হারুনুর রশিদ হাওলাদার ক্ষোভ প্রকাশ করে বলেন, ছয় বছরেও প্রকল্পটি বাস্তবায়িত হয়নি। এতে সচ্ছল লোকেরাও এখন ভূমিহীন। তাঁদের শত বছর আগের ঘরবাড়ি নদীতে চলে গেছে। সিআইপি বাঁধ ক্ষতিগ্রস্ত হলে ১০ লাখের বেশি মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করবে।লক্ষ্মীপুর পাউবোর বিভাগীয় প্রকৌশলী মো. জিয়া উদ্দিন বেগ জানান, ভাঙন প্রতিরোধ প্রকল্প অনুমোদন না হওয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।