ছয় বছর ধরে ‘ভারপ্রাপ্ত’ দিয়ে চলছে প্রধান প্রকৌশলীর কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনে প্রধান প্রকৌশলীর পদ প্রায় ছয় বছর ধরে খালি। এ সময়ে করপোরেশনের দুই ধাপ নিচের পদমর্যাদার তিন প্রকৌশলীকে ঘুরেফিরে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীর দায়িত্ব দেওয়া হয়েছে। এভাবে পর্যায়ক্রমে একজনকে দুই দফায় দায়িত্বে রাখার নজিরও আছে। আবার কাউকে দায়িত্ব না দিয়ে মেয়র এ বি এম মহিউদ্দীন চৌধুরী নিজেই একই সঙ্গে প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করেন।করপোরেশনের প্রধান প্রকৌশলীর দায়িত্বে থাকা এ তিনজন হলেন মো. মোটখতার আলম, নিজাম উদ্দিন চৌধুরী ও মো. আবুল হাসনাত। তিনজনই করপোরেশনে নির্বাহী প্রকৌশলী পদমর্যাদার কর্মকর্তা। সর্বশেষ গত ২৩ ডিসেম্বর যান্ত্রিক বিভাগের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হাসনাতকে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব দেওয়া হয়। বর্তমানে তিনিই প্রধান প্রকৌশলীর দায়িত্বে আছেন। আবুল হাসনাত প্রথম আলোকে বলেন, ‘জ্যেষ্ঠ হিসেবে আমাকেই প্রধান প্রকৌশলীর দায়িত্ব দেওয়া হয়েছে।’সিটি করপোরেশন সূত্রে জানা যায়, সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলীর পদটি ২০০৩ সালে শূন্য হয়। এরপর মেয়র মহিউদ্দিন চৌধুরীই প্রায় ছয় মাস ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করেন। পরে পুরকৌশল (সিভিল) বিভাগের নির্বাহী প্রকৌশলী মোখতার আলম ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করেন। ২০০৭ সালের ২৭ মে দুর্নীতি দমন কমিশন (দুদক) বিজয় টিভি অর্থ আত্মসাত্ মামলায় মেয়র মহিউদ্দিনসহ চারজনের বিরুদ্ধে মামলা করে। এ মামলার অন্যতম আসামি ছিলেন মোখতার। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে ২০০৮ সালের ১০ জানুয়ারি তিনি আদালতে আত্মসমর্পণ করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান। এরপর স্থানীয় সরকার মন্ত্রণালয় তাঁকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করে। পরে ওই বছরের ৪ আগস্ট তিনি হাইকোর্ট থেকে জামিন পান। একই সঙ্গে হাইকোর্ট তাঁর মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন। এরপর প্রকৌশলী মোখতার চাকরিতে যোগ দেন।মোখতার কারাগারে যাওয়ার পর পুরকৌশল (সিভিল) বিভাগের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী নিজাম উদ্দিন প্রধান প্রকৌশলী হিসেবে অতিরিক্ত দায়িত্ব পান। গত ২ আগস্ট মেয়র মহিউদ্দিন তাঁকে এক মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠান। এক মাসের ছুটি শেষে কাজে যোগ দেন নিজাম। কিন্তু প্রধান প্রকৌশলীর পদ আর ফিরে পাননি। গত ১০ নভেম্বর মোখতারকে আবার প্রধান প্রকৌশলীর দায়িত্ব দেন মেয়র; কিন্তু গত ১০ ডিসেম্বর এক মাসের মাথায় তাঁকে আবার সরিয়ে দেওয়া হয়।করপোরেশন সূত্র মতে, মোখতার কিংবা নিজাম এখন করপোরেশনে কোনো কাজ করছেন না। তবে দুজনই মাসিক বেতন-ভাতা নিচ্ছেন। এ প্রসঙ্গে তাঁদের একজন বলেন, ‘মাস শেষে বেতন পেলে মনে হয় কাজে আছি; কিন্তু কাজ না থাকলে নিজেকে সুপারভাইজারেরও অধস্তন মনে হয়।’সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইমতিয়াজ হোসেন চৌধুরী বলেন, ‘যোগ্য কেউ না থাকায় কাজ চালিয়ে নেওয়ার জন্য আমরা বিভিন্ন সময় জ্যেষ্ঠ প্রকৌশলীদের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীর দায়িত্ব দিচ্ছি। তবে সরকার চাইলে প্রেষণে কাউকে এ দায়িত্ব দিতে পারে। ঢাকা সিটি করপোরেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে এ উদাহরণ রয়েছে।’প্রসঙ্গত, চট্টগ্রাম সিটি করপোরেশনে ২১ বছর ধরে প্রকৌশলীদের পদোন্নতি প্রায় বন্ধ বলা যায়। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় মেয়র মহিউদ্দিন কারাগারে থাকাকালে চারজন প্রকৌশলীকে পদোন্নতি দেওয়া হয়। কিন্তু তিনি মুক্তি পেয়ে মেয়রের দায়িত্ব নেওয়ার পর ওই পদোন্নতি বাতিল করেন। তিনি দুই মাস আগে ছয়জন সহকারী প্রকৌশলীকে নির্বাহী প্রকৌশলী হিসেবে পদোন্নতি দেন। কিন্তু ওই তিন নির্বাহী প্রকৌশলীকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে পদোন্নতি দেওয়া হয়নি।