ছয় বছর পর বরিশাল সিটি করপোরেশনের ৪১ জন কর্মচারী চাকরি ফিরে পেয়েছেন। গত তত্ত্বাবধায়ক সরকারের সময় নিয়মবহির্ভূত নিয়োগের অভিযোগে তাঁদের চাকরিচ্যুত করা হয়েছিল। উচ্চ আদালতের নির্দেশে তাঁদের চাকরিতে পুনর্বহাল করেছে সিটি করপোরেশন। উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী গত রোববার দুপুরে বরিশাল সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আলতাফ মাহমুদ সিকদার তাঁদের যোগদানপত্র গ্রহণ করেন।ভারপ্রাপ্ত মেয়র জানান, আদালতের নির্দেশ অনুযায়ী ৪১ জন কর্মচারীকে পুনর্বহালের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান নির্বাহী কর্মকর্তা নিখিল চন্দ্র দাসকে নির্দেশ দেওয়া হয়েছে।সিটি করপোরেশন সূত্র জানায়, চারদলীয় জোট সরকারের সময় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান সরোয়ার মেয়র থাকাকালে বিভিন্ন পদে ১২১ জন কর্মচারী নিয়োগ দেন। গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে মজিবর রহমান সরোয়ার গ্রেপ্তার হন। নিয়োগ-প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে মন্ত্রণালয়ের নির্দেশে ২০০৭ সালে তৎকালীন ভারপ্রাপ্ত মেয়র আওলাদ হোসেন ওই ১২১ জনকে চাকরিচ্যুত করেন।চাকরিচ্যুত ব্যক্তিদের মধ্যে ৭৬ জন মন্ত্রণালয়ের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট করেন। ২০০৯ সালে ৪১ জন কর্মচারীকে চাকরিতে পুনর্বহালের আদেশ দেন উচ্চ আদালত। ওই আদেশের বিরুদ্ধে সিটি করপোরেশন আপিল করে।গত ১৫ জুন বরিশাল সিটি করপোরেশনের বিএনপি-সমর্থিত প্রার্থী বিজয়ী হওয়ার পর ওই ৪১ জনকে চাকরিতে পুনর্বহাল করার উদ্যোগ নেওয়া হয়। একই সঙ্গে সিটি করপোরেশনের পক্ষ থেকে আপিল প্রত্যাহার করে নেওয়া হয়। গত বুধবার ওই আবেদন গ্রহণ করেন আপিল বিভাগ। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর রোববার ৪১ জন ভারপ্রাপ্ত মেয়রের কাছে যোগদানপত্র দেন।