কুমিল্লা শিক্ষা বোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ছয় বছরে জিপিএ-৫ বেড়েছে ৩৩ গুণ। এ বছরও জিপিএ-৫ বেড়েছে, তবে পাসের হার গতবারের তুলনায় ১ দশমিক ২৪ ভাগ কম। কমেছে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও।
গতকাল বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে আরও দেখা যায়, এবারও পাসের হারে ছেলেরা ও জিপিএ-৫-এ মেয়েরা এগিয়ে। পাসের হার শূন্য, এমন প্রতিষ্ঠান নেই।
২০১৫ সালে কুমিল্লা বোর্ডে ২ লাখ ৪৫ হাজার ৩৩৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে কৃতকার্য হয়েছে ২ লাখ ২৩ হাজার ৪৫৩ জন। পাসের হার ৯২ দশমিক ৫১। ছেলেদের পাসের হার ৯৩ দশমিক ২৯ এবং মেয়েদের ৯১ দশমিক ৯৪। জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৭৪৭ জন। এর মধ্যে ছেলে ৮ হাজার ৮২ জন ও মেয়ে ১২ হাজার ৬৬৫ জন। এবার বোর্ডের অধিভুক্ত ছয় জেলার ১ হাজার ৮৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৪৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর সূত্রে জানা যায়, ২০১০ সালে জেএসসিতে গ্রেডিং পদ্ধতি চালু হয়। ওই বছর কুমিল্লায় জিপিএ-৫ পেয়েছিল ৬২৪ জন। এরপর ২০১১ সালে ২ হাজার ৩৯৬, ২০১২ সালে ৩ হাজার ৭৬৩, ২০১৩ সালে ১৬ হাজার ৯৫, ২০১৪ সালে ১৭ হাজার ২৬৪ এবং ২০১৫ সালে ২০ হাজার ৭৪৭ জন জিপিএ-৫ পায়। গ্রেডিং পদ্ধতি চালুর এই ছয় বছরে জিপিএ-৫ বেড়েছে ৩৩ গুণ।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল আলহাজ মুহাম্মদ আবু তাহের কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ুম বলেন, কোয়ালিটি এডুকেশন নিশ্চিত না করে জিপিএ-৫ পাওয়ার মধ্যে কোনো ধরনের মাহাত্ম্য নেই। এটি একটি অসুন্দর প্রতিযোগিতা। অভিভাবক ও শিক্ষকেরা জিপিএ-৫ পাওয়ার জন্য শিক্ষার্থীদের অস্থির করে তোলেন। তার ওপর পরীক্ষা কেন্দ্রের পরিবেশ, খাতা দেখায় সহজীকরণ মনোভাব—সব মিলিয়ে জিপিএ-৫ নিয়ে একটা প্রশ্ন থেকেই যায়।
নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস মজুমদার বলেন, ছেলেদের তুলনায় মেয়েরা সিলেবাস অনুযায়ী পড়াশোনাটা নিয়মিত অনুশীলন করে। সরকারের নানামুখী তৎপরতার কারণে মেয়ে পরীক্ষার্থীর সংখ্যাও ছেলেদের তুলনায় বেশি। কুমিল্লা বোর্ডেও মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি। এ কারণে পরিসংখ্যানগত দিক দিয়ে মেয়েরা এগিয়ে।
সরেজমিনে জিলা স্কুল ও ফয়জুন্নেছা বিদ্যালয়: কুমিল্লা নগরের সেরা বিদ্যাপীঠ হিসেবে পরিচিত কুমিল্লা জিলা স্কুল ও নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। গতকাল দুপুর ১২টা থেকেই বিদ্যালয় দুটিতে শিক্ষার্থীদের ভিড় দেখা যায়। ফল ঘোষণার পর তাদের উচ্ছ্বাস ছিল বাঁধভাঙা। বেশির ভাগ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে দারুণ উচ্ছ্বসিত। এ বছর জিলা স্কুল থেকে ৪০০ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে ৩৭৫ জন। ফয়জুন্নেছা থেকে ৩৫৫ জনের মধ্যে পেয়েছে ৩২৯ জন। উভয় বিদ্যালয়ের পাসের হার শতভাগ। কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক রাশেদা আক্তার বলেন, ঐতিহ্যের ধারা অব্যাহত রেখেই এ ফল এসেছে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ বলেন, ‘পাসের হার ৯৫ শতাংশ হলে ভালো হতো। জিপিএ-৫ বেশি পাওয়ায় আমরা খুশি। মেয়েরা জিপিএ-৫ বেশি পেয়েছে।’