ছয় বছরে পানিতে ডুবে ২৩২ শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে মতলব উত্তর উপজেলার সানকিভাঙা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে রসুল পরশ (৭) গত বছরের ৫ মে বাড়ির পাশে পুকুরে ডুবে মারা যায়। উঠানে খেলা করার সময় তার ফুটবলটি পুকুরে পড়ে। পানি থেকে বলটি তুলতে গিয়ে সে ডুবে যায়। পরশ সাঁতার জানত না। খেলা করার সময় বাড়ির লোকজন তার দিকে নজর দেয়নি।
মতলব দক্ষিণ উপজেলার দিঘলদি গ্রামে ৬ জুন মো. আলমগীর হোসেনের মেয়ে আকসারা আক্তার (৪) ও ভাতিজি মাসনুন (৪) বাড়ির পাশে পুকুরে ডুবে মারা যায়। দুজনই বাড়ির উঠানে খেলা করছিল। কখন তারা পুকুরের পানিতে পড়েছে বাড়ির কেউ জানে না।
এভাবে চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলায় এবং কুমিল্লার দাউদকান্দির কয়েকটি গ্রামে গত ছয় বছরে পানিতে ডুবে মারা গেছে ২৩২টি শিশু। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) মতলব হাসপাতালের হেলথ অ্যান্ড ডেমোগ্রাফিক সার্ভিল্যান্স সিস্টেম (এইচডিএসএস) বিভাগের এক জরিপ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে উল্লেখ করা হয়েছে, শিশুর প্রতি অযত্ন, সাঁতার না শেখানো এবং পুকুর, ডোবা ও খালের কাছে বসবাস করার কারণে মৃত্যুর ঘটনা ঘটেছে।
আইসিডিডিআরবির মতলব হাসপাতাল সূত্রে জানা গেছে, পানিতে ডুবে শিশু মৃত্যুর কারণ অনুসন্ধানে ২০০৬ সালে ‘সলিড’ (সেভিং অব লাইফ ফ্রম ড্রাউনিং) নামে একটি প্রকল্প চালু করে হাসপাতাল কর্তৃপক্ষ। ওই প্রকল্পের মাঠকর্মীরা ২০০৬ সাল থেকে গত বছর পর্যন্ত মতলব দক্ষিণ উপজেলার ৫৫, মতলব উত্তরের ৬২ এবং দাউদকান্দির ২৫টিসহ ১৪২টি গ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যুর কারণ নিয়ে জরিপ চালান। গত ডিসেম্বরে ওই জরিপের প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়, ২০১১ সাল থেকে গত বছর পর্যন্ত এ অঞ্চলে পুকুর, ডোবা, খাল ও নদীর পানিতে ডুবে মারা গেছে ২৩২টি শিশু। এর মধ্যে ছেলেশিশু ১৪০ ও মেয়েশিশু ৯২টি। এক থেকে চার বছর বয়সী শিশু ১৫৪টি। অন্য শিশুদের বয়স ৫ থেকে ১০ বছরের মধ্যে। ২০১১ সালে ৪৪, ২০১২ সালে ২৬, ২০১৩ সালে ৪৯, ২০১৪ সালে ৩৮, ২০১৫ সালে ৪২ ও ২০১৬ সালে ৩৩টি শিশু মারা গেছে।
প্রতিবেদনে বলা হয়, ওই ছয় বছরে নানা কারণ ও রোগে মারা গেছে ২৮৯ শিশু। এর ৮০ শতাংশের বেশি শিশু মারা গেছে পানিতে ডুবে। এর মধ্যে ৭০ শতাংশ শিশু মারা গেছে বর্ষাকালে।
আইসিডিডিআরবির মতলব হাসপাতালের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (এইচডিএসএস) মো. তসলিম আলী বলেন, মতলব ও দাউদকান্দিতে পুকুর, ডোবা, খাল ও নদীর সংখ্যা বেশি হওয়ায় এ সমস্যা প্রকট। এ ধরনের মৃত্যু কমাতে ২০১৪ সালে ওই ১৪২টি গ্রামের প্রতিটিতে ‘আঁচল’ নামে এক বা একাধিক শিশু সেবাকেন্দ্র স্থাপন করা হয়েছে। সেখানে দুজন মাঠকর্মী শিশুদের যত্ন নিচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম মাহাবুবুর রহমানের ভাষ্য, ডুবে যাওয়া অধিকাংশ শিশুকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। এ ক্ষেত্রে তাঁদের কিছুই করার থাকে না। পানিতে ডুবে শিশুদের মৃত্যু রোধ করতে হলে অভিভাবকদের সচেতন হতে হবে।