বৃহত্তর চট্টগ্রামের পাঁচ জেলায় গত ছয় বছরে ১ হাজার ৬৬৪ জন কুষ্ঠরোগী শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া রোগীদের মধ্যে ১৫ দশমিক ২৮ শতাংশ প্রতিবন্ধিতার শিকার হয়েছেন। সচেতনতা বৃদ্ধি, দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা এবং নেতিবাচক সামাজিক বিভাজন রোধ করা গেলে কুষ্ঠরোগে আক্রান্ত ব্যক্তিদের প্রতিবন্ধিতার হার কমবে বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে দ্য লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ। গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করা হয়। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন দ্য লেপ্রসি মিশন ইন্টারন্যাশনালের প্রোগ্রাম লিডার জন অর্পণ সমদ্দার। এবারের কুষ্ঠ দিবসের মূল প্রতিপাদ্য ‘কুষ্ঠরোগে বালক-বালিকার আর কোনো প্রতিবন্ধিতা নয়’।
লিখিত বক্তব্যে বলা হয়, ১৯৯৮ সালে বাংলাদেশ কুষ্ঠ এলিমিনেশনের (প্রতি ১০ হাজার জনের মধ্যে ১ জনের নিচে) লক্ষ্যমাত্রা অর্জন করেছে। ২০২০ সালের মধ্যে কুষ্ঠরোগে আক্রান্তের হার প্রতি লাখে একজনের নিচে নিয়ে আসার লক্ষ্যে সরকার কাজ করছে। ২০১৬ সালে বাংলাদেশে ৩ হাজার ৭৪৯ জন কুষ্ঠরোগী শনাক্ত হয়। একই সময়ে চট্টগ্রাম, তিন পার্বত্য জেলা ও কক্সবাজারে মোট ২৩১ জন কুষ্ঠরোগী শনাক্ত করা গেছে। ২০১১ সাল থেকে গত বছর পর্যন্ত এই রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৬৬৪ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ৯০৬ জন শনাক্ত হয়েছে তিন পার্বত্য জেলায়। একই সময়ে চট্টগ্রামে কুষ্ঠরোগী পাওয়া গেছে ৬৩৫ জন।
সংবাদ সম্মেলনে প্রকল্প স্বাস্থ্য কর্মকর্তা সুলতান মো. ইলিয়াস, রিচার্ড অসীম মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।