ছয় বছরে ১৫ হামলা মুফতি হান্নানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিন দফা হত্যার চেষ্টাসহ ছয় বছরে অন্তত ১৫টি হামলা ও হামলার চেষ্টা চালিয়েছে হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশের (হুজি-বি) জঙ্গিরা। আর এসব হামলার পরিকল্পনা ও নির্দেশনায় ছিলেন মুফতি আবদুল হান্নান। তিনি এসব ঘটনায় দায়ের হওয়া অন্তত ২৭ মামলার প্রধান আসামি।
দেশে হুজি-বি’র হামলা ও হত্যাযজ্ঞের শুরু ১৯৯৯ সালের ৬ মার্চ যশোরে উদীচীর সম্মেলনের মধ্য দিয়ে। কোটালীপাড়ায় শেখ হাসিনাকে হত্যার চেষ্টা ছাড়া ছয় বছরে বোমা ও গ্রেনেডের বাকি ১৪টি হামলায় নিহত হয়েছেন ১১০ জন। এসব ঘটনায় দায়ের হওয়া মামলার মধ্যে সাতটির এখনো তদন্ত শেষ হয়নি। বাকি ১৮টি মামলা এখনো বিচারাধীন। বিচার শেষ হয়েছে সাবেক ব্রিটিশ হাইকমিশনারের ওপর গ্রেনেড হামলা ও রমনার বটমূলে বোমা হামলা মামলার। দুটিতেই মুফতি হান্নানের ফাঁসির আদেশ হয়েছে। এর মধ্যে গতকাল সর্বোচ্চ আদালতে চূড়ান্ত রায় দেওয়া হলো একটিতে। অপরটি মামলাটি হাইকোর্টে আছে।
মুফতি হান্নানের বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায়। ২০০৬ সালে ঢাকার আদালতে মুফতি হান্নানের দেওয়া জবানবন্দি থেকে জানা যায়, তিনি প্রথমে গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদ্রাসায় ও বরিশালের শর্ষিনা আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করেন। এরপর ভারতের দেওবন্দ মাদ্রাসায় ভর্তি হন। সেখানে দাওরা হাদিস অধ্যয়নকালেই ১৯৮৭ সালে ওই দেশের আলীগড় বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক শিক্ষায় স্নাতকোত্তর পাস করেন। তিনি পরের বছর ১৯৮৮ সালে পাকিস্তানে যান এবং করাচির নিউ টাউনে জামিয়া ইউসুফ বিন নুরিয়া মাদ্রাসায় ফেকাহ শাস্ত্রে ভর্তি হন। ওই সময় তিনি আফগানিস্তানে সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশ নেন। যুদ্ধ চলাকালে আফগানিস্তানের খোস্ত শহরে তিনি আহত হন। চিকিৎসা শেষে করাচির ওই মাদ্রাসায় লেখাপড়া শেষ করেন এবং ১৯৯৩ সালে দেশে ফেরেন।
অবশ্য এর আগেই আফগান-ফেরত এদেশীয় মুজাহিদরা হুজি-বি গঠন করেন। মুফতি হান্নান দেশে ফেরার পর কোটালীপাড়ার ঘাঘর বাজারে কোটালীপাড়া আদর্শ ক্যাডেট মাদ্রাসা স্থাপন করেন। পরের বছর ১৯৯৪ সালে তিনি হুজি-বি’তে যোগ দেন।
১৯৯৯ সালের ৬ মার্চ যশোরে উদীচীর অনুষ্ঠানে বোমা হামলার মধ্য দিয়ে এ দেশে গোপন জঙ্গি সংগঠন হুজি-বি’র নাশকতা শুরু হয়। ওই হামলায় ১০ জন নিহত হন। কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে এ ঘটনায় বিএনপির নেতাদের বিরুদ্ধে মামলা হয়। ফলে জঙ্গিদের বিষয়টি আড়ালেই থেকে যায়। এরপর একই বছরের ৮ অক্টোবর খুলনা শহরের আহমদিয়া মসজিদে বোমা হামলা হয়। তাতে আটজন নিহত হন। যশোর ও খুলনার এ দুই ঘটনায় চারটি মামলা হয়। আজ পর্যন্ত মামলাগুলোর কুলকিনারা করতে পারেনি পুলিশ।
মুফতি হান্নান ও তাঁর দল প্রথম আলোচনায় আসে ২০০০ সালের জুলাইয়ে কোটালীপাড়ার কলেজ ময়দানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থলের কাছাকাছি ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে রাখার ঘটনার পর। এর পরের বছর ২০০১ সালেই ঢাকায় সিপিবির সমাবেশে, রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানসহ ছয়টি বোমা হামলা করে জঙ্গিরা। ঢাকার বাইরে সিলেটে ২০০১ সালের ২৫ সেপ্টেম্বর নির্বাচনী প্রচারে থাকা শেখ হাসিনাকে সিলেটে হত্যার চেষ্টা করে। কিন্তু হামলার আগেই শেখ হাসিনার জনসভার অদূরে একটি বাড়িতে বোমা ফেটে এক জঙ্গি নিহত হওয়ায় ওই পরিকল্পনা ব্যর্থ হয়। ওই ঘটনায় আহতাবস্থায় দুই জঙ্গি জনতার হাতে ধরা পড়েছিল। প্রথম আলোর দীর্ঘ অনুসন্ধানে বেরিয়ে আসে শেখ হাসিনাকে হত্যাচেষ্টার ঘটনার আদ্যোপান্ত। ২০০৯ সালে প্রথম আলোর অনুসন্ধানী প্রতিবেদন বের হওয়ার পর ওই ঘটনায় করা মামলা শেখ হাসিনাকে হত্যার চেষ্টা মামলা হিসেবে তদন্ত শুরু করা হয় এবং মুফতি হান্নানসহ অন্য জঙ্গিদের গ্রেপ্তার দেখানো হয়। এর আগ পর্যন্ত মামলা দুটি ছিল সাধারণ একটা বিস্ফোরণ মামলা।
হুজি-বি’র জঙ্গিদের সবচেয়ে ভয়াবহ হামলা ছিল ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা। শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যেই ওই হামলা চালানো হয়েছিল। ওই হামলায় আওয়ামী লীগের ২২ জন নেতা-কর্মী নিহত হন। শেখ হাসিনাসহ আহত হন শতাধিক ব্যক্তি।
এ ঘটনার আগে ওই বছরের ২১ মে সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর এবং ৭ আগস্ট সিলেটের মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের ওপর গ্রেনেড হামলা চালানো হয়। মুফতি হান্নানের পরিকল্পনা ও নির্দেশনায় সর্বশেষ হামলা হয় ২০০৫ সালের ২৭ জানুয়ারি। ওই দিন হবিগঞ্জে এক সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াকে হত্যা করে জঙ্গিরা।
২০০৫ সালের ১ অক্টোবর রাজধানীর বাড্ডার আনন্দনগরের বাসা থেকে মুফতি হান্নানকে গ্রেপ্তার করে র্যা ব। তিনি ২০০৬ সালের ১৯ নভেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে ১২টি হামলার দায় স্বীকার করেন। তিনি ২০০৭ সালের ১ নভেম্বর দ্বিতীয় দফায় জবানবন্দি দিয়ে ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার দায় স্বীকার করেন।