ছয় বছরেও অধ্যাপক তাহের হত্যার বিচার শেষ হয়নি
ছয় বছরেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক এস তাহের আহমেদ হত্যার বিচারকাজ শেষ হয়নি। কিছুদিনের মধ্যে মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে হাইকোর্টের আপিল বিভাগে আসামিপক্ষের আবেদনের ওপর শুনানি হওয়ার কথা।অধ্যাপক তাহেরের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী কাল ৩ ফেব্রুয়ারি। ২০০৬ সালের ১ ফেব্রুয়ারি তাহের নিখোঁজ হন। এর দুই দিন পর ৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের বাসভবনের পাশে ম্যানহোলে তাঁর লাশ পাওয়া যায়। ওই দিনই তাঁর ছেলে সানজিদ আলভী অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে নগরের মতিহার থানায় হত্যা মামলা করেন। পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১৮ মার্চ ওই মামলার তদন্ত কর্মকর্তা রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের তৎকালীন উপপরিদর্শক (এসআই) আচানুল কবির রাজশাহী মহানগর মুখ্য হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তাতে অধ্যাপক তাহেরের বিভাগীয় সহকর্মী মিয়া মোহাম্মদ মহিউদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের তৎকালীন সভাপতি মাহবুবুল আলম, তাহেরের বাসভবনের তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর ও তাঁর ভাই ছাত্রশিবিরের কর্মী আবদুস সালাম, তাঁদের বাবা আজিমুদ্দীন ও আত্মীয় নাজমুলকে অভিযুক্ত করা হয়। আদালত সূত্র জানায়, ৪৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ২০০৮ সালের ২২ মে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ টি এম মেসবাউদ্দৌলা মামলার রায় ঘোষণা করেন। রায়ে মহিউদ্দিন, জাহাঙ্গীর ও তাঁর ভাই ছাত্রশিবিরের কর্মী আবদুস সালাম এবং নাজমুলকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর ছাত্রশিবিরের নেতা মাহবুবুল, আজিমুদ্দীনকে মামলা থেকে বেকসুর খালাস দেওয়া হয়। পরে আসামিদের পরিবারের পক্ষ থেকে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হয়। আপিলের শুনানি গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়ার কথা থাকলেও হয়নি। আগামী সপ্তাহে তা শুরু হতে পারে।দীর্ঘদিনেও বিচারকাজ শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অধ্যাপক তাহেরের মেয়ে শেগুফ্তা তাবাসসুম। তিনি প্রথম আলোকে বলেন, ‘মামলার পেছনে লেগে থাকার জন্য যে ধরনের সামর্থ্য, অর্থ ও সহযোগিতার দরকার হয়, তা আমাদের নেই।’ তিনি অবিলম্বে তাঁর বাবার হত্যাকারীদের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার দাবি জানান।