ছয় বছরেও কালভার্ট মেরামত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে সাবরাং ইউনিয়ন পরিষদ-সংলগ্ন সড়কে একটি কালভার্ট মেরামতের অভাবে দেশি-বিদেশি পর্যটকসহ প্রায় ৫০ হাজার মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। কালভার্টটিতে ছয় বছর আগে একটি গর্ত সৃষ্টি হয়। চলতি বছরের প্রথম দিকে দ্বিতীয় গর্তটি সৃষ্টি হলে ভারী যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন এ সড়ক দিয়ে সাবরাং ইউনিয়নের লোকজন, পর্যটকসহ কয়েক হাজার মানুষ চলাচল করে। এটি মেরামত না হওয়ায় কষ্ট ভোগ করতে হচ্ছে তাদের। এর ওপর দিয়ে রিকশা ও অটোরিকশা চলতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বর্তমানে কালভার্টটি দিয়ে ভারী যান চলাচল বন্ধ থাকায় পণ্য পরিবহন বাধাগ্রস্ত হচ্ছে। কালভার্টটির মাঝখানে বড় গর্ত সৃষ্টি হওয়ায় এলাকায় উৎপাদিত তরিতরকারি, শাক-সবজি, পান-সুপারি, লবণ, শুঁটকি ও বিভিন্ন প্রকারের মাছসহ পণ্যসামগ্রী যথাসময়ে অন্যত্র সরবরাহ করা যাচ্ছে না। অন্যদিকে মাইক্রোবাস, প্রাইভেটকারসহ ভারী যানে করে আসা পর্যটকদের নয় কিলোমিটার দূরে গাড়ি রেখে পায়ে হেঁটে ও রিকশায় করে শাহপরীর দ্বীপ সৈকতে যেতে হচ্ছে। কুমিল্লা থেকে বেড়াতে আসা আবদুর রহমান বলেন, ভাঙা ওই কালভার্টটির জন্য তাঁকে নয় কিলোমিটার পথ হেঁটে সৈকতে আসতে হয়েছে। সৈকত দেখে কষ্ট দূর হলেও এ রকম দারুণ একটি পর্যটন এলাকার সড়কটির ওপর বিষফোড়ার মতো পড়ে থাকা কালভার্টটির কারণে তিনি খুবই হতাশ।সাবরাং ডেইলপাড়ার বাসিন্দা নুরুল আমিন জানান, কালভার্টটির গর্তে পড়ে রিকশা উল্টে প্রায়ই হতাহতের ঘটনা ঘটছে।সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান মো. ইসমাঈল জানান, কিছুদিন আগে কালভার্টটিতে স্থানীয় লোকজন লোহার পাত বসান। কিন্তু কয়েক দিনের মধ্যে তা চুরি হয়ে যায়। জরাজীর্ণ ওই কালভার্টটির জন্য এলাকার উৎপাদিত পান, সুপারি, লবণ ও সাগর থেকে আহরিত মাছ ট্রাকে ভর্তি করে সরবরাহ করা বন্ধ রয়েছে। এতে তাঁদের কয়েক কোটি টাকার লোকসান গুনতে হচ্ছে। তিনি আরও বলেন, এ সড়কটি দেখাশোনা করছে সড়ক ও জনপদ বিভাগ। তাই ইউনিয়ন পরিষদ কোনো ব্যবস্থা নিচ্ছে না। সড়ক ও জনপথ বিভাগ (সওজের) কক্সবাজার কার্যালয়ে টেকনাফের উপসহকারী প্রকৌশলী মো. আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, বরাদ্দ না থাকায় এটি মেরামত করা সম্ভব হয়নি। তবে কালভার্টটি পুনর্নির্মাণের জন্য একটি প্রকল্প ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে কাজ শুরু করা হবে।