ছয় বছরেও ক্ষতিপূরণের টাকা পাননি সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় বছর পেরিয়ে গেলেও চেকের মাধ্যমে ব্যাংকে জমা দেওয়া এক লাখ চার হাজার টাকা তুলতে পারছেন না দুবাই ফেরত উটের জকি গাজীপুরের কাপাসিয়া উপজেলার সাকিব হোসেন (২২)। ২০০৭ সালে জেলা প্রশাসনের মাধ্যমে সাকিব ওই চেক পেয়েছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, কাপাসিয়ার টোক ইউনিয়নের টোকনগর এলাকার আবদুর রশিদের ছোট ছেলে সাকিব ২০০১ সালে দুবাই পাচার হন। সেখানে সাকিবকে উটের জকি হয়ে কাজ করতে হয়। পরে ২০০৫ সালে সাকিব দেশে ফেরত আসেন। ২০০৭ সালে দুই দেশের সরকারের সহযোগিতায় অন্য জকিদের মতো সাকিবকেও ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়। তৎকালীন জেলা প্রশাসক এক লাখ চার হাজার টাকার চেক সাকিবের হাতে তুলে দেন। পরে ওই টাকা উত্তোলনের জন্য ওই বছরের ২৫ জুন অগ্রণী ব্যাংক কাপাসিয়া শাখায় স্থানীয় ইউএনও ও সাকিবের মায়ের যৌথ হিসাব খোলা হয়। সেই হিসাবে চেকটি জমা দেওয়া হয়। কিন্তু এখনো সাকিব ওই চেকের টাকা হাতে পাননি।
সাকিবের মা মনোয়ারা বেগম বলেন, ‘চেক জমা দেওয়ার পর থেকে টাকা উত্তোলনের জন্য ইউএনওর কাছে কমপক্ষে ২৫ বার যোগাযোগ করেছি। তার পরও টাকা তুলতে পারিনি। তৎকালীন এক ইউএনও গাজী সাইফুর রহমান বলেছিলেন, ওই টাকা উত্তোলনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। এ ব্যাপারে জবাব পাওয়ার পরই টাকা ওঠানো যাবে। কিন্তু এখনো ওই চিঠির জাবাব আসেনি। টাকাও ওঠাতে পারিনি।’
অগ্রণী ব্যাংক কাপাসিয়া শাখার তৎকালীন ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম জানান, সাকিব নাবালক থাকায় ২০০৭ সালের ২৫ জুন অগ্রণী ব্যাংক কাপাসিয়া শাখায় তৎকালীন ইউএনও ও সাকিব হোসেনের মা মনোয়ারা বেগমের নামে যৌথ হিসাব খোলা হয়। তবে ইউএনও স্বাক্ষর না করায় ওই হিসাব থেকে টাকা তোলা যায়নি।
কাপাসিয়ার বর্তমান ইউএনও মো. আনিসুর রহমান জানান,এ ব্যাপারে নীতিমালা দেখে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আগামী এক সপ্তাহের মধ্যে বিষয়টি সুরাহা করার চেষ্টা করা হবে।