ছয় বছরেও চালু হয়নি অন্তর্বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মিত হওয়ার ছয় বছরেও অন্তর্বিভাগ চালু হয়নি। এতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে লক্ষাধিক মানুষ। বাধ্য হয়ে তাদের ১৭ কিলোমিটার দূরে পিরোজপুর সদর হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০০৩ সালে বলেশ্বর নদের তীরবর্তী জিয়ানগর উপজেলার মানুষকে স্বাস্থ্যসেবা দিতে ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন সাংসদ দেলাওয়ার হোসাইন সাঈদী। ৫০ কোটি টাকা ব্যয়ে ২০০৬ সালে তিনতলা ওই অত্যাধুনিক ভবনের নির্মাণকাজ শেষ হয়। ২০০৮ সালের নভেম্বরে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ভবনটি স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করে। এরপর সেখানে চিকিৎসকসহ প্রয়োজনীয় জনবল পদায়ন ও আসবাব সরবরাহ করা হয়। তার পর থেকে বহির্বিভাগে চিকিৎসাসেবা দেওয়া হলেও অন্তর্বিভাগে চিকিৎসা কার্যক্রম চালু হয়নি। বর্তমানে হাসপাতালে পাঁচজন চিকিৎসক, নয়জন সেবিকা ও ৪০ জন কর্মচারী রয়েছেন। এর মধ্যে পাঁচজন সেবিকা বর্তমানে সদর হাসপাতালে প্রেষণে কর্মরত রয়েছেন।
হাসপাতালের ১০টি চিকিৎসকের পদের মধ্যে মেডিসিন, শল্য, স্ত্রীরোগ ও প্রসূতি এবং অবেদনবিদের চারজন কনিষ্ঠ পরামর্শক ও একজন চিকিৎসা কর্মকর্তার পদ শূন্য রয়েছে। প্যাথলজিস্ট, ফার্মাসিস্ট ও পরিসংখ্যানবিদের পদ খালি।
গত বুধবার সরেজমিনে দেখা গেছে, বহির্বিভাগে ২৫ থেকে ৩০ জন রোগী বসে আছে। তিনজন চিকিৎসক রোগীদের চিকিৎসা দিচ্ছেন। এ সময় জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা কয়েকজনকে বাইরে থেকে ওষুধ এনে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়।
উপজেলার হোগলাবুনিয়া গ্রামের মো. ইউসুফ বলেন, প্রতিপক্ষের হামলায় আহত হয়ে তিনি চিকিৎসা নিতে এসেছেন। এখানে ভর্তি হওয়ার ব্যবস্থা না থাকায় চিকিৎসক তাঁকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি হতে বলেছেন।
উপজেলার চণ্ডীপুর গ্রামের শিক্ষক নাসির উদ্দিন বলেন, অন্তর্বিভাগের কার্যক্রম চালু না হওয়ায় রোগীদের পিরোজপুর সদর হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হচ্ছে।
হাসপাতালের বহির্বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাকিল আহমেদ জানান, প্রতিদিন এখানে ৮০ থেকে ৯০ জন চিকিৎসা নিতে আসে। অন্তর্বিভাগ চালু না হওয়ায় রোগীদের এখানে ভর্তি করা যাচ্ছে না।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শংকর কুমার ঘোষ বলেন, ওষুধসহ আনুষঙ্গিক বরাদ্দ না পাওয়ায় অন্তর্বিভাগ চালু করা যাচ্ছে না।
পিরোজপুর সিভিল সার্জন ফকরুল আলম বলেন, অন্তর্বিভাগ চালু করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু কোনো ফল পাওয়া যাচ্ছে না।
পিরোজপুর-২ আসনের সাংসদ এবং পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেনের সহকারী একান্ত সচিব মহিউদ্দিন মহারাজ বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সটির অন্তর্বিভাগ চালু এবং ওষুধ বরাদ্দ দেওয়ার জন্য মাননীয় মন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনানুষ্ঠানিক পত্র (ডিও লেটার) দিয়েছেন। আশা করছি, দ্রুত অন্তর্বিভাগ চালু হবে।’