ছয় বছরেও চালু হয়নি ৫০ শয্যার কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় পাঁচ কোটি টাকায় নতুন ভবন নির্মাণ করা হয়েছে। কিন্তু প্রয়োজনীয় জনবল না পাওয়ায় শুরু করা যাচ্ছে না ৫০ শয্যার কার্যক্রম। এতে ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২ লাখ ৮৮ হাজার মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। অথচ স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ২০০৮ সালে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন ওই হাসপাতালে রোগী ভর্তি থাকে গড়ে ৭০-৭৫ জন। আর বহির্বিভাগ থেকে চিকিৎসা নেয় গড়ে ৩০০ রোগী। শয্যার অভাবে অতিরিক্ত ভর্তি হওয়া রোগীদের ঠাঁই হয় ওয়ার্ডের মেঝেতে। বরাদ্দ না থাকায় অতিরিক্ত রোগীদের হাসপাতাল থেকে খাবার সরবরাহ করা হয় না।
৫০ শয্যায় উন্নীত করার পর ২০০৯ সালের ১১ জানুয়ারি অতিরিক্ত ভবন নির্মাণের কাজ শুরু হয়। এতে ব্যয় হয় প্রায় পাঁচ কোটি টাকা। ২০১০ সালের ১০ অক্টোবর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ভবনটি হস্তান্তর করা হয়। ২০১২ সালের জানুয়ারিতে ৫০ শয্যায় চিকিৎসার কাজে ব্যবহার করার জন্য আল্ট্রাসনোগ্রাম যন্ত্র, অটোক্লেভ, ইসিজি, মলমূত্র, রক্ত পরীক্ষার যন্ত্রসহ বিভিন্ন চিকিৎসাযন্ত্র, শয্যা এবং কম্পিউটার ও ল্যাপটপ হাসপাতালে বরাদ্দ আসে। কিন্তু ৫০ শয্যার কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল ও ওষুধপত্র পর্যন্ত বরাদ্দ মেলেনি।
নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের দুজন চিকিৎসক জানান, ৫০ শয্যার কার্যক্রম চালু না হওয়ায় আধুনিক চিকিৎসাযন্ত্রসহ বৈদ্যুতিক এসিগুলো চার বছর ধরে হাসপাতালে পড়ে রয়েছে। এতে প্রয়োজনীয় তাপমাত্রার অভাবে যন্ত্রগুলো কক্ষে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক চিকিৎসক ফরিদুল ইসলাম বলেন, ৫০ শয্যার কার্যক্রম চালু হলে ওই হাসপাতালে হাড়, চক্ষু, চর্ম, যৌন, শিশু, হৃদ্রোগ, অবেদনবিদসহ নয়জন বিশেষজ্ঞ চিকিৎসক সার্বক্ষণিক থাকবেন। এতে করে উপজেলার মানুষ বাড়ির কাছে আধুনিক চিকিৎসাসুবিধা ওই হাসপাতাল থেকেই পাবে।
সরেজমিনে দেখা গেছে, নতুন ভবন পড়ে থাকায় পরিচর্যার অভাবে সৌন্দর্য হারিয়েছে। ভবনের দুটি ফ্যান, বাতি, পানির পাম্পসহ অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম ও যন্ত্রাংশ ইতিমধ্যে চুরি হয়ে গেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) মোখলেসুর রহমান বলেন, হাসপাতালে মোটামুটি সবকিছুই আছে। প্রয়োজন জনবল, আর্থিক বরাদ্দ ও ওষুধপত্র। এসব পাওয়া গেলে ৫০ শয্যার কার্যক্রম চালু করা যাবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যন্ত্রপাতি ব্যবহার না করে দীর্ঘদিন ফেলে রাখলে তা নষ্ট হওয়া অস্বাভাবিক নয়।
রংপুরের বিভাগীয় স্বাস্থ্য উপপরিচালক মোজাম্মেল হোসেন বলেন, ওই হাসপাতালে ৫০ শয্যার কার্যক্রম চালুর জন্য প্রশাসনিক অনুমোদন ও জনবল এখনো পাওয়া যায়নি। এটা চালু করা এখন সরকারি সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।