ছয় বছরেও নতুন কমিটি হয়নি, কার্যক্রম স্থবির
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটির কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে নতুন কমিটি না হওয়ায় উপজেলা ছাত্রদলের সভাপতি দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। আর সাধারণ সম্পাদকসহ অধিকাংশ সদস্য ছাত্রদল ছেড়ে যুবদলে ঢুকেছেন।সংগঠন সূত্রে জানা গেছে, ২০০৪ সালের ১ মার্চ মঠবাড়িয়া উপজেলা ছাত্রদলের কার্যনির্বাহী কমিটি জেলা কমিটি অনুমোদন করে। জসিম উদ্দিন ফরাজীকে সভাপতি, অহিদুজ্জামান খানকে সাধারণ সম্পাদক ও মাইনুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে গঠিত ৬১ সদস্যবিশিষ্ট ওই কমিটির মেয়াদ ছিল দুই বছর। ২০০৬ সালের মার্চে কমিটির মেয়াদ শেষ হওয়ার পর গত ছয় বছরেও নতুন কমিটি গঠন করা হয়নি।২০১১ সালে উপজেলা ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিন ফরাজী তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি নেন। তিনি এখন উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক। সাধারণ সম্পাদক অহিদুজ্জামান খান বর্তমানে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। মঠবাড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, ‘উপজেলা ছাত্রদলের কমিটির চারজন ছাড়া কেউ এখন আর ছাত্রদলে নেই। দীর্ঘদিন ধরে কমিটি গঠন না করায় নতুনেরা নেতৃত্বে আসতে পারছেন না। এ কারণে ছাত্রদলের কার্যক্রম ঝিমিয়ে পড়েছে।’ উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে নতুন কমিটি না হওয়ায় বর্তমানে সংগঠনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। উপজেলা ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিন ফরাজী জানান, বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার পর দেশে জরুরি অবস্থা জারি হয়। এরপর জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পরাজয় ও ছাত্রদলের অভ্যন্তরীণ নানা সমস্যার কারণে নতুন কমিটি গঠন করা যায়নি।পিরোজপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক শহিদুল ইসলাম বলেন, ‘ছাত্রদলের ইউনিট কমিটিগুলো গঠন ও পুনর্গঠনে কেন্দ্রীয় কমিটি থেকে নিষেধাজ্ঞা থাকায় মঠবাড়িয়া উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা যাচ্ছে না।’