ছয় বছরেও নতুন কমিটি হয়নি, কার্যক্রমে স্থবিরতা
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হয়েছে ছয় বছর আগে। এই সময়ে নতুন কমিটি না হওয়ায় উপজেলা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অধিকাংশ নেতা-কর্মী ছাত্রদল ছেড়ে বিএনপি ও যুবদলে যোগ দিয়েছেন। এতে ছাত্রদলের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। দলীয় সূত্রে জানা গেছে, ২০০৪ সালের ১ মার্চ মঠবাড়িয়া উপজেলা ছাত্রদলের কার্যনির্বাহী কমিটি পিরোজপুর জেলা ছাত্রদলের তৎকালীন সভাপতি শেখ হাসানুল কবির অনুমোদন করেন। জসিম উদ্দিন ফরাজী সভাপতি, অহিদুজ্জামান খান সাধারণ সম্পাদক ও মাইনুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্যের ওই কমিটি গঠন করা হয়। ২০০৬ সালের মার্চে ওই কমিটির মেয়াদ শেষ হয়। ২০০৯ সালে ছাত্রদল নেতা জসিম উদ্দিন বিএনপির রাজনীতিতে যুক্ত হন। তিনি এখন উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক। সাধারণ সম্পাদক অহিদুজ্জামান খান বর্তমানে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। মঠবাড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহেল রানা জানান, উপজেলা ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটিতে চারজন ছাড়া কেউ এখন আর ছাত্রদলে নেই। দীর্ঘদিন ধরে কমিটি গঠন না করায় নতুনেরা নেতৃত্বে আসতে পারছেন না। এ কারণে ছাত্রদলের কার্যক্রম ঝিমিয়ে পড়েছে। উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম বলেন, ‘আমরা এক-এগারোর পর নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দলের শীর্ষস্থানীয় নেতাদের মুক্তির জন্য মঠবাড়িয়ায় মিছিল করেছি। তবে দীর্ঘদিন ধরে নতুন কমিটি না হওয়ায় বর্তমানে সংগঠনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।’উপজেলা ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিন জানান, উপজেলা ছাত্রদলের বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার পরে দেশে জরুরি অবস্থা জারি হয়। এরপর জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পরাজয় ও ছাত্রদলের অভ্যন্তরীণ নানা সমস্যার কারণে নতুন কমিটি গঠন করা যায়নি।জেলা ছাত্রদলের আহ্বায়ক শহিদুল ইসলাম বলেন, কেন্দ্র থেকে ইউনিট পর্যায়ে কমিটি গঠনের ওপর নিষেধাজ্ঞা থাকায় মঠবাড়িয়া উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা সম্ভব হয়নি।