এক কাজের দুবার দরপত্র হয়েছে। প্রথম দরপত্রে ঠিকাদার ৮০ লাখ টাকা নেওয়ার পর মাঝপথে কাজ বন্ধ করে চলে যায়। দ্বিতীয় দফা দরপত্রের ঠিকাদার এক কোটি ৮০ লাখ টাকা নেওয়ার পর কাজ শেষ না করে লাপাত্তা। ফলে ছয় বছরেও রংপুর কারমাইকেল কলেজের মিলনায়তনের নির্মাণকাজ শেষ হয়নি।রংপুর শিক্ষা ও প্রকৌশল বিভাগ সূত্র জানায়, ২০০৬ সালে রংপুর কারমাইকেল কলেজে এক হাজার আসনবিশিষ্ট মিলনায়তন ভবনের নির্মাণকাজ শুরু হয়। দুই কোটি চার লাখ টাকা ব্যয়ে এর নির্মাণ ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল মেসার্স খন্দকার বিজনেস ইন্টারন্যাশনাল। ভবন নির্মাণ করে কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের শেষ সময় ছিল ২০০৮ সালের ডিসেম্বরে। কিন্তু তা আর হয়ে ওঠেনি। ওই বছর জানুয়ারি মাসে এই কাজ বন্ধ করে দেয় ঠিকাদার। ঠিকাদার ফারুকুজ্জামান জানান, দরপত্র অনুযায়ী নির্মাণকাজের কার্যাদেশ পাওয়ার পর নির্মাণসামগ্রীর দাম বেড়ে গেলে এ কাজ তিনি করতে অপরাগতা প্রকাশ করেন।সূত্র আরও জানায়, ঠিকাদার নির্মাণকাজ করতে অপরাগতা প্রকাশ করলে জটিলতা দেখা দেয়। ফলে কাজ বন্ধ হয়ে যায়। তবে ঠিকাদারকে মোট ব্যয়ের ৮০ লাখ টাকা দেওয়া হয়েছে। এরপর ২০১০ সালে দুই কোটি ১২ লাখ টাকা ব্যয়ে নতুন করে দরপত্র আহ্বান করা হয়। মেসার্স হাসান এন্টারপ্রাইজ কাজটি পায়। এক কোটি ৮০ লাখ টাকা বিল নেওয়ার পর এই ঠিকাদার প্রতিষ্ঠানও লাপাত্তা হয়ে যায়। সংশ্লিষ্ট বিভাগের পক্ষ থেকে ঠিকাদাির প্রতিষ্ঠানকে একাধিকবার পত্র দিয়ে জানানো হলেও তারা কোনো যোগাযোগ করছে না। মুঠোফোন করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। দুই দফায় প্রায় তিন কোটি টাকা ব্যয় হলেও মিলনায়তনের কাজ এখনো ঝুলেই আছে। কলেজের অধ্যক্ষ অধ্যাপক দীপকেন্দ্র নাথ দাস বলেন, কাজ শুরু হয়ে বছরের পর বছর ধরে শেষ হচ্ছে না। কাজের দায়িত্বে থাকা রংপুর শিক্ষা ও প্রকৌশল বিভাগের উপসহকারী প্রকৌশলী রওশন আলী প্রথম আলোকে বলেন, সর্বশেষ ঠিকাদার প্রতিষ্ঠানকে একাধিকবার পত্র দিয়ে কাজ শেষ করার কথা বলা হয়েছে। কিন্তু তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।