ছয় বছরেও নির্মিত হয়নি কার্যক্রমও চালু হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় বছরেও খুলনা নার্সিং কলেজের ভবন ব্যবহার উপযোগী হয়ে ওঠেনি। দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় একাডেমিক কার্যক্রম শুরু করা যাচ্ছে না।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ২০০৪ সালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অপারেশন প্ল্যানের আওতায় খুলনায় একটি নার্সিং কলেজ স্থাপনের সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী দরপত্রের মাধ্যমে কার্যক্রম শুরু করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে জানা গেছে, নার্সিং কলেজের একটি দোতলা একাডেমিক ভবন, অধ্যক্ষের বাসভবন, গেস্ট হাউস, চারটি স্টাফ কোয়ার্টার নির্মাণের কাজ পায় মুন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এর নির্মাণ ব্যয় ধরা হয় ১৬ কোটি ৫২ লাখ টাকা। ২০০৬ সালের ২৬ জুন ওই প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। কিন্তু ঠিকাদার ২০০৭ সালের জানুয়ারি মাসে এর নির্মাণকাজ শুরু করেন। কাজ শুরুর পর ৩০ মাসের মধ্যে হোস্টেল ও আবাসিক ভবনগুলো; ১৮ মাসের মধ্যে একাডেমিক ভবন নির্মাণের কাজ শেষ করার কথা ছিল। নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ না হওয়া ও অনিয়ম দেখে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নোটিশ দেয় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
পরে ২০১১ সালের ৩১ অক্টোবর ওই প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল করা হয়। একপর্যায়ে চুক্তি বাতিল হওয়ায় ওই ঠিকাদারি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তরের বিরুদ্ধে ৬৮ লাখ টাকা পাওনার কথা জানিয়ে মামলা করে।
মামলার অবস্থা ও অসম্পূর্ণ কাজের জন্য নতুন করে দরপত্র-প্রক্রিয়া শুরু হবে কি না, সে সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এ এফ এম আরিফুল করিম। তিনি বলেন, ‘এ ব্যাপারে আমার কাছে কোনো তথ্য নেই।’
খুলনা নার্সিং কলেজের অধ্যক্ষ সবিতা রানী মুখার্জি বলেন, ভবন নির্মাণের বেশির ভাগ কাজ শেষ হলেও পানি-বিদ্যুৎ ও দরজা-জানালা না থাকায় অকেজো অবস্থায় পড়ে আছে। এ কারণে প্রয়োজনীয় মালপত্রও রাখা যাচ্ছে না। কলেজের জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে ১০টি কম্পিউটার ও একটি ফ্রিজ দেওয়া হলেও নিরাপত্তার অভাবে সেগুলো এখানে রাখা যাচ্ছে না।