গাজীপুর আদালতে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির আত্মঘাতী বোমা হামলার বিচারের কাজ ছয় বছরেও শেষ হয়নি। এ কারণে অসন্তোষ দানা বেঁধেছে নিহতদের স্বজন ও আহত ব্যক্তিদের মধ্যে।গতকাল মঙ্গলবার ছিল এই বোমা হামলার ষষ্ঠ বার্ষিকী। দিবসটি নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়। মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) নাসির উদ্দিন ফারুক হোসেন প্রথম আলোকে বলেন, গাজীপুরে হামলার মামলা ছাড়াও জেএমবি-সংক্রান্ত ২০টি মামলা বিচারাধীন রয়েছে। অভিযুক্ত আসামিরা দেশের বিভিন্ন কারাগারে থাকায় এবং ধার্য তারিখে আদালতে তাঁদের হাজির করতে না পারায় বিচারের প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে।গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির বলেন, গাজীপুর আদালতে জেএমবির হামলা মামলার বিচারের কাজ দ্রুত শেষ করতে জজশিপের মাধ্যমে পাওয়া জেএমবি-সংক্রান্ত ২০টি মামলার তালিকা ও বিস্তারিত তথ্য গত ২৫ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।কর্মসূচি: দিবসটি উপলক্ষে আইনজীবীরা সকালে আদালতপাড়ায় কালো ব্যাজ ধারণ করেন। পরে আদালত চত্বরে স্থাপিত স্মৃতিস্মারকে পুষ্পস্তবক অর্পণ, শোকযাত্রা এবং গাজীপুর আইনজীবী সমিতির হলরুমে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।জেলা বারের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই শোকসভায় বক্তারা মামলাটি দ্রুত নিষ্পত্তির দাবি জানান। তাঁরা বলেন, তাঁদের একটাই দাবি, মামলার বিচারকাজ দ্রুত শেষ করা। সভায় বক্তব্য দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তানজিনা ইসমাইল, অতিরিক্ত দায়রা জজ-১-এর বিচারক জাকির হোসেন প্রমুখ।২০০৫ সালের ২৯ নভেম্বর গাজীপুর আদালত এলাকায় অবস্থিত জেলা আইনজীবী সমিতির ২ নম্বর হলরুমে এই বোমা হামলায় চার আইনজীবীসহ ১০ জন নিহত হন। আহত হন অর্ধশতাধিক।ওই হামলায় আহত আইনজীবী আবুল কাশেম বলেন, ‘সেদিনের ভয়াবহ হামলায় আমার একটি চোখ নষ্ট হয়ে যায়। চোখ হারিয়ে দুঃসহ অবস্থায় জীবন যাপন করতে হচ্ছে।’আরেক আইনজীবী আনিছুর রহমান বলেন, ‘আহত অনেকেই চিকি ৎসা করাতে পারছেন না। বিগত ও বর্তমান সরকারের কেউই আমাদের পাশে এসে দাঁড়ায়নি।’