ছয় বছরেও শেষ হয়নি রাস্তার কাজ, দুর্ভোগ

রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের চিলাপাক বাজার থেকে কাংলাচড়া গ্রাম পর্যন্ত সড়কটি প্রায় দুই কিলোমিটার। ছয় বছর আগে সড়কের ৪০০ মিটার পাকাকরণের কাজ শুরু হলেও এখনো শেষ হয়নি। এ কারণে ১০টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, ২০১১ সালে সাবেক সাংসদ আনিছুল হকের প্রচেষ্টায় রাস্তাটি পাকা করার কাজ হাতে নেয় এলজিইডি। ওই বছরে শুরুতে সড়কের ৪০০ মিটারের দরপত্র আহ্বান করা হয়। প্রায় ১৩ লাখ ৮ হাজার ৮৯১ টাকায় কাজটি পায় নীলফামারীর সৈয়দপুরের জয়নাল ট্রেডার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান।
২০১১ সালের ১৩ মার্চ কাজের উদ্বোধন করা হয়। ২০১১ সালের ৪ অক্টোবরের মধ্যে সড়কের কাজ শেষ হওয়ার কথা ছিল। ঠিকাদার ওই সড়কের কাংলাচড়া মোড় থেকে বানিয়াপাড়ার মোড় পর্যন্ত কাজ শুরু করেন। ইটের খোয়া আর বালু ফেলে সেগুলো রোলার দিয়ে শক্ত করার পর নির্মাণসামগ্রীর দাম বেশি হওয়ায় ও তহবিলসংকটের অজুহাত দেখিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়।
সরেজমিনে দেখা গেছে, ইটের খোয়া ও বালুর কাজ করে ফেলে রাখা হয়েছে। এতে করে ওই সড়কে চলাচলে পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বানিয়াপাড়া গ্রামের কৃষক নারায়ণ চন্দ্র বলেন, ‘খড় খড় আস্তাটা দিয়া হাঁটা যায় না। ইটের টুকরা ঘুতা নাগে, পাও কেল্টি (কেটে) যায়।’
সয়ার ইউপির সদস্য মোক্তারুল শেখ জানান, ছয় বছরের বেশি সময় হবে ওই সড়কে খোয়া ফেলা হয়েছে। আর এ কারণে ১০টি গ্রামের মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
ঠিকাদার জয়নাল আবেদীন মুঠোফোনে বলেন, ‘আমি ওই রাস্তার কাজটি পেলেও পরে উপজেলা প্রকৌশলী বাতিল করে দিয়েছেন।’
উপজেলা প্রকৌশলী আহাম্মেদ হায়দার জামান বলেন, দীর্ঘদিনেও কাজ না করে ফেলে রাখায় আগের ঠিকাদারের নামে কাজ বাতিল করা হয়েছে। শিগগিরই টেন্ডার আহ্বান করে নতুন ঠিকাদারের মাধ্যমে রাস্তাটি কার্পেটিং করা হবে।