খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মানিক চন্দ্র সাহার মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। এ উপলক্ষে খুলনা সাংবাদিক ইউনিয়ন, উদীচী, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচি নিয়েছে। মানিক সাহার হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার বিচার গত ছয় বছরেও শেষ হয়নি। মামলার বিচার কার্যক্রম চলছে ধীরগতিতে। ২০০৪ সালের ১৫ জানুয়ারি খুলনা প্রেসক্লাবের অদূরে চরমপন্থীদের বোমা হামলায় সংবাদ-এর জ্যেষ্ঠ প্রতিবেদক ও বিবিসির খুলনা প্রতিনিধি মানিক সাহা নিহত হন।আদালত সূত্রে জানা যায়, মানিক সাহা হত্যা মামলাটি বর্তমানে খুলনা অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতে বিচারাধীন। এ আদালতের বিচারক ২০০৮ সালের ১৫ জানুয়ারি অন্যত্র বদলি হওয়ায় মামলাটির বিচারকাজে দীর্ঘসূত্রতার সৃষ্টি হয়। বিচারকদের পদ শূন্য থাকায় বারবার মামলার তারিখ পরিবর্তন করা হচ্ছে বলে আদালত সূত্রে জানা গেছে। ১১ ফেব্রুয়ারি মামলার শুনানির দিন নির্ধারিত আছে। এ ছাড়া ২৬ জানুয়ারি এই ঘটনার বিস্ফোরক মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে। এদিকে মামলার পুনঃতদন্ত ও বিচার দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির খুলনা নগর কমিটি বুধবার নগরে মানববন্ধন করে।