ছয় বছরেও শেষ হয়নি হাটের ছাউনি নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠিকাদারের গাফিলতিতে বগুড়ার শেরপুর পৌরসভার বারোদুয়ারী হাটে চারটি ছাউনি (শেড) তৈরির কাজ ছয় বছরেও শেষ হয়নি। পিলার তৈরির কাজ শেষ হলেও ওপরে চাল দেওয়া হয়নি। এতে ব্যবসায়ীরা দুর্ভোগ পোহাচ্ছেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বগুড়া কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৫-০৬ অর্থবছরে ‘বৃহত্তর বগুড়া, রাজশাহী ও পাবনা জেলার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায়’ শেরপুর বারোদুয়ারী হাটে চারটি ছাউনি তৈরির উদ্যোগ নেওয়া হয়। এ জন্য ১৫ লাখ ৪৬ হাজার ৮৩৯ টাকা বরাদ্দ দেওয়া হয়। এলজিইডির শেরপুর উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, মেসার্স শাহাদত হোসেন ট্রেডার্স নামের বগুড়ার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়। ২০০৫ সালের ৩০ নভেম্বর কাজ শুরু হয়। দরপত্রের নির্দেশনা অনুযায়ী, ২০০৬ সালের ৩০ মে কাজ শেষ করার কথা। ঠিকাদার ওই সময়ের মধ্যে শুধু পিলার নির্মাণকাজ শেষ করে কাজ বন্ধ করে দেন। ২০১০ সালের জুন মাসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে হাট উন্নয়ন প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়।এলজিইডির বগুড়া কার্যালয়ের সহকারী হিসাবরক্ষক মো. মাহবুবুর রহমান জানান, ইতিমধ্যে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানকে শেড নির্মাণকাজের বিপরীতে তিন লাখ ১২ হাজার টাকা দেওয়া হয়।সরেজমিনে দেখা যায়, পৌর শহরের ওই হাটের কোলপট্টি এলাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান শুধু আরসিসি পিলার নির্মাণের কাজ করেছে। ছাউনির কাজ শেষ না হওয়ায় চাল ব্যবসায়ীরা বিপদে পড়েছেন। বৃষ্টি শুরু হলে তাঁদের চাল ভিজে নষ্ট হয়ে যায়।ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মো. শাফায়েত রাব্বী জানান, জমি নিয়ে আইনি জটিলতায় ওই সময়ে এ হাটের ছাউনি নির্মাণ করা সম্ভব হয়ে ওঠেনি। ছাউনি এলাকায় চালের ব্যবসা করেন আবদুল মজিদ। তিনি বলেন, ‘একটা শেড করতে ছয় বছর লাইগ্যা গেল। তা-ও শ্যাস হলো না। আমার মতো অনেক ব্যবসায়ী এখুন বুঝতে পারছি, ব্যবসার কী ক্ষতি হইতাছে।’ উপজেলা প্রকৌশলী মো. সামছুজ্জামান জানান, হাটের জমিতেই ছাউনি নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছিল। ওই জমি নিয়ে কোনো আইনি জটিলতা ছিল না। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা ভূমি কার্যালয়ও তা নিশ্চিত করেছে। উপজেলা প্রকৌশলী আরও জানান, কাজ শেষ করার জন্য ২০০৭ থেকে ২০১০ পর্যন্ত ঠিকাদারকে বেশ কয়েকবার তাগাদা দেওয়া হয়েছে। ছাউনির কাজ আবার শুরু করার বিষয়ে এলজিইডির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।